গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর প্রয়াত

Shakti Thakur

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর (৭৩) প্রয়াত হলেন। জনপ্রিয় এই শিল্পী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সূত্রের খবর, ওপার বাংলা থেকে এসে উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুরে থাকতে শুরু করেন ওই ঠাকুর পরিবার। তাঁর প্রথম জীবন কেটেছে শিক্ষকতা করে। নেতাজিনগর স্কুলে পড়াতেন তিনি। বরাবরই শখ ছিল গানবাজনা ও অভিনয়ে। গণনাট্য আন্দোলনের সঙ্গে জুড়ে-জড়িয়ে ছিলেন তিনি। পাশাপাশি শিক্ষক হিসেবেও জনপ্রিয় ছিলেন শক্তি। তিনি ছাত্রদের নিয়ে প্রায়ই মঞ্চাভিনয়ের আয়োজন করতেন।

একটা সময় শিক্ষকতার পাশাপাশি গানবাজনাই মুখ্য হয়ে ওঠে তাঁর জীবনে। জানা যায়, ‘হারমোনিয়াম’ ছবিতে তাঁকে প্রথম গাওয়ার সুযোগ দিয়েছিলেন তপন সিংহ। এরপর ‘দাদার কীর্তি’, ‘দামু’ ও ‘বিষবৃক্ষ’-সহ একাধিক ছবিতে গান গেয়েছেন শক্তি ঠাকুর। অন্যদিকে লাইভ স্টেজ শো করার দক্ষতা ছিল তাঁর। শক্তি ঠাকুরের কণ্ঠে ‘ও সাধের নদী’, ‘খোকাখুকু ছুটে এসো’, ‘ওগো সুন্দরী’ ও ‘বাসব ভাল রাখব ভরে’ প্রভৃতি গানগুলি অসাধারণ জনপ্রিয় হয়। আবার হেমন্ত মুখোপাধ্যায় ও ভূপেন হাজারিকার সুরে তাঁর অনেক বেসিক গানও জনপ্রিয় হয়েছিল। একটা সময় আকাশবাণীতে ‘এ মাসের গান’-এ মাঝে মাঝেই শোনা যেত শক্তি ঠাকুরের মৌলিক গান। তাঁর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *