হলিউডের বিখ্যাত গ্ল্যামার ‘জেমস বন্ড’ শন কনারি প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত প্রথম ‘জেমস বন্ড’ শন কনারি (৯০)। ঘুমের মধ্যেই শন কনারি মারা গিয়েছেন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বাহামায় হলিউডের সেই বিখ্যাত গ্ল্যামার অস্তমিত হল। অসুস্থ ছিলেন বন্ড সিরিজ খ্যাত এই অভিনেতা। তাঁর ৪ দশকের কেরিয়ারের উজ্জ্বলতম অধ্যায় ছিল বন্ড সিরিজ। জানা যায়, জেমস বন্ড হিসেবে অভিনয় করেছেন ৭টি ছবিতে। তবে জেমস বন্ডের ভূমিকায় অস্কার পাননি তিনি। চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন ‘দ্য আনটাচেবলস’ ছবির জন্য।
পাশাপাশি একটি অস্কার ছাড়া ৩টি গোল্ডেন গ্লোব ও দুটি বাফটা পুরস্কার পেয়েছেন তিনি। বন্ড ছাড়াও একাধিক ব্লকবাস্টার ছবির সফল অভিনেতা কনারি। তাঁর অভিনীত কয়েকটি জনপ্রিয় ছবি হল- ‘ডঃ নো’ (১৯৬২), ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ (১৯৬৩), ‘মার্নি’ (১৯৬৪), ‘নেভার সে নেভার এগেইন’ (১৯৮৩), ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ (১৯৯০) এবং ‘দ্য রক’ (১৯৯৬)।
১৯৩০ সালের ২৫ আগস্ট স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি। ছেলেবেলা কাটে দারিদ্রতার মধ্যে। নাটকের দলে প্রথম ডাক পেয়েছিলেন কনারি। এরপর আর পিছনে তাকাতে হয়নি তাঁর। ২০০০ সালে রানি এলিজাবেথের থেকে নাইট উপাধি গ্রহণ করেন। ১৯৬২ সালে অভিনেত্রী ডায়ানা কিলেন্টোকে বিয়ে করলেও সেই সম্পর্ক অটুট হয়নি। ১১ বছর পর বিচ্ছেদ হয়। প্রথম পক্ষের সন্তান জেসন এখন প্রতিষ্ঠিত অভিনেতা। ১৯৭৫ সালে আবারও বিয়ে করেন তিনি। পাত্রী হলেন ফরাসি শিল্পী মিখেলিন রকব্রান। তাঁর মৃত্যুর খবরে শোক চলচ্চিত্র মহলে।

