school and studentEducation Others 

শিক্ষাবর্ষ শুরু হলে ক্লাসের পঠন-পাঠনে নির্দিষ্ট পরিকল্পনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগে পুরনো ক্লাসের সিলেবাস শেষ হবে। তারপর নতুন ক্লাসের পঠন-পাঠন শুরু হবে। এমনই পরিকল্পনা রাজ্য স্কুল শিক্ষা দফতরের। শিক্ষাবর্ষ শুরু হয়ে গেলে এই ব্যবস্থায় পঠন-পাঠন শুরু হবে। সূত্রের খবর,জানুয়ারি মাস থেকেই শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও তা কীভাবে হবে নির্দিষ্ট পরিকল্পনা করল রাজ্য স্কুল শিক্ষা দফতর ও মধ্যশিক্ষা পর্ষদ।
এক্ষেত্রে জানা যায়,এই পরিকল্পনার দিকে তাকিয়ে কিছু রূপরেখাও তৈরি হতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের উদ্যোগে। জানা গিয়েছে, সর্বশিক্ষা অভিযানের নিয়ম মেনে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সাধারণত কোনও পাশ ফেল নেই। পরীক্ষা হলেও পড়ুয়ারা পরবর্তী ক্লাসে উঠে যেতে পারে। করোনা পরিস্থিতিতে সেই নিয়ম বলবৎ করা হতে পারে। ছাত্র-ছাত্রীদের পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হতে পারে অন্তত পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত,এমনই খবর ৷ আগের ক্লাসের পঠন-পাঠন থেকে ছাত্র-ছাত্রীরা যাতে বঞ্চিত না হয় তার জন্যই এই পরিকল্পনা বলে জানা গিয়েছে।
এক্ষেত্রে জানা গিয়েছে, গত মার্চ মাস পর্যন্ত ক্লাস হয়েছে মাত্র ৩০ শতাংশ। এমনই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছে। বিভিন্ন স্কুল এবং জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শক মাধ্যমে এই তথ্য সামনে এসেছে। সর্বশিক্ষা মিশনের নিয়ম মেনে পরবর্তী ক্লাসে পড়ুয়ারা বাকি ৭০ শতাংশ সিলেবাস শেষ করতে হবে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র- ছাত্রীদের ক্ষেত্রে পরবর্তী ক্লাসে ওঠায় কোনও বাধা নেই। সর্বশিক্ষা মিশনের নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে উঠে গেলে আগের ক্লাসের সিলেবাস শেষ করতে হবে পরবর্তী ক্লাসের। তবে তা ক্লাস শুরু হওয়ার আড়াই থেকে তিন মাসের মধ্যে। জানুয়ারি মাস থেকে শিক্ষাবর্ষ শুরু হয়ে গেলেও ক্লাসরুমে যখন ক্লাস শুরু হবে তখন আগের ক্লাসের পঠন-পাঠন শেষ করা হবে। সেই পঠনপাঠন শেষ করা হবে আড়াই থেকে তিন মাসের মধ্যে।
উল্লেখ করা যায়, মার্চ মাসের পর থেকেই রাজ্যজুড়ে স্কুল বন্ধ রয়েছে। কিছু স্কুল অনলাইনে ক্লাসও নিয়েছে। ছাত্র-ছাত্রীরা বাড়িতে বসে নিজেরাও কিছুটা প্রস্তুতি নিয়েছেন স্কুল-শিক্ষকদের সহযোগিতায়। বাকি ৭০ শতাংশ সিলেবাস ক্লাস রুমে আড়াই থেকে তিন মাসের মধ্যে বুঝিয়ে দেওয়া সম্ভব ছাত্র-ছাত্রীদের। বাকি সিলেবাস আড়াই থেকে তিন মাসের মধ্যে কীভাবে শেষ করা সম্ভব হবে তা নিয়ে কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হতে পারে শিক্ষক-শিক্ষিকাদের। সেই গাইডলাইনে বুঝিয়ে দেওয়া হবে কোন কোন বিষয়গুলিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে এবং কোনগুলিকে মাথায় রেখে শিক্ষকদের ক্লাস নিতে হবে।

Related posts

Leave a Comment