জট কাটিয়ে নোয়াপাড়া মেট্রোর কাজে গতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ জট কাটিয়ে নোয়াপাড়া -বিমানবন্দর মেট্রোর কাজ দ্রুত এগোচ্ছে। কমবেশি প্রায় সাত কিলোমিটার দীর্ঘ ওই প্রকল্পে যশোর রোড সংলগ্ন স্টেশনের নির্মাণকাজের গুরুত্বপূর্ণ অংশ সমাপ্ত হয়ে গিয়েছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, নোয়াপাড়া থেকে যশোর রোড পর্যন্ত মেট্রো পথ নির্মাণের কাজও দ্রুতএগিয়েছে।
ওই মেট্রো পথের একটি অংশে দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত লোকাল ট্রেনের একটি উড়ালপথ ছিল। বন্ধ হয়ে যাওয়া ওই রেলপথের একাংশ নোয়াপাড়া থেকে বিমানবন্দরগামী মেট্রোর জন্য ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। ওই উড়ালপথের পাশেই অন্য একটি উড়ালপথ তৈরি করা হচ্ছে বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী মেট্রো চলাচলের জন্য। সূত্রের খবর, দিন সাতেক আগে বিমানবন্দর স্টেশনের সব চেয়ে উপরের অংশের ছাদের ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। দপ্তর সূত্রের খবর, আগামী ২ বছরের মধ্যে কাজ সম্পূর্ণ হতে পারে।

