তারকেশ্বরে “সুগার ফ্রি” আলুর চাষে উৎসাহ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তারকেশ্বরেও এবার পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ‘সুগার ফ্রি’ লাল রঙের আলুর চাষ। ভুটানের জনপ্রিয় সুগার ফ্রি লাল আলু এবার তারকেশ্বরে দেখা যাবে। স্থানীয় সূত্রে খবর, তারকেশ্বর থানার চাঁপাডাঙ্গা পঞ্চায়েতে সাহাচক বালি মাঠের এক কৃষক তার জমিতে এই লাল আলু চাষ করছেন। আলুর ফলন এখনও হয়নি। তবে গাছ দেখতে অনেক লোক এই গ্রামে আসছেন। জানা গিয়েছে, এই আলুর নাম ‘ডেসারি’। লাল রঙের হলেও এই আলু আর ৫টি আলুর মতোই দেখতে সাদা।
সূত্রের আরও খবর, কয়েক বছর আগে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এই আলুর চাষ শুরু হয়েছিল। এ বছর দক্ষিণবঙ্গে পরীক্ষামূলকভাবে ডেসারি আলুর চাষ হয়েছে। এই আলুতে শর্করার ভাগ কম থাকে। সুগারে আক্রান্ত ব্যক্তিরা এই আলু কিনতে আগ্রহী। এক্ষেত্রে কৃষকরা জানিয়েছেন, এই আলু চন্দ্রমুখীর চেয়েও স্বাদযুক্ত।
সাধারণত প্রতি বিঘা জমি থেকে চন্দ্রমুখী আলু ৮০ বস্তা পাওয়া যায়। বীজ বিক্রেতাদের মতে, লাল আলুর ফলন বেশি হয়। বিঘা প্রতি ফলন চন্দ্রমুখীর চেয়ে কমপক্ষে ৫-৭ শতাংশ বেশি হবে। স্থানীয় আলু চাষিরা জানিয়েছেন, প্রথমে এই আলু চাষ করতে চাননি। অনেকেই মানা করেন এই নতুন প্রজাতির আলু চাষ করতে। এখন দেখছি আলু গাছ খুব সুন্দরভাবে বাড়ছে। ফলন আসতেও শুরু করেছে। এই প্রজাতির আলু গাছে কীটপতঙ্গ এবং রোগের উপদ্রব কম। আশা করি ফলন ভাল হবে। তবে এর বাজারমূল্য সাধারণ আলুর চেয়ে বেশি হবে।

