Snapshot_2Breaking News Others 

সল্টলেকে জমি মাফিয়া সন্দেহে গ্রেফতার ১

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: সল্টলেকের জমি মাফিয়ায় অভিযুক্ত রাজীব রঞ্জন কুমার গ্রেফতার। জানা গিয়েছে, আজ সল্টলেকের জমি মাফিয়ায় অভিযুক্ত রাজীব রঞ্জন কুমারকে গ্রেফতার করে সিআইডি। ওই ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সিআইডি। সূত্রের খবর, সল্টলেকের এক বৃদ্ধা মহিলা কয়েক বছর আগে ডিবি ব্লকের ১২২ নম্বর প্লট হস্তান্তর করে নগর উন্নয়ন দফতরকে।

এরপরে বৃদ্ধা মুম্বাইয়ে মেয়ের কাছে চলে যান। তার কয়েক বছর পর ওই বৃদ্ধার মুম্বাইয়ের বাড়িতে ইউডি-র অফিসার সেজে পৌঁছন রোমি হিরাবত ও বকুল লাড্ডা নামে ২ জন ব্যক্তি। অভিযোগ, সেখানে ওই বৃদ্ধাকে ইউডি অফিসার পরিচয় দিয়ে বলা হয়, তারা কলকাতার ইউডি দফতর থেকে এসেছে সল্টলেকের জমির টাকা দেওয়ার জন্য। তখন ১৫ লক্ষ টাকার চেক দিয়ে বৃদ্ধার কাছ থেকে একটি কাগজে সই করিয়ে নেওয়া হয়।

সূত্রের আরও খবর, ওই সময় বৃদ্ধা মহিলার মেয়ের সন্দেহ হওয়ায় তাদের কাছে ইউডি অফিসারের পরিচয় পত্র দেখতে চাওয়া হয়। সেইসময় ওই দুজন ইউডি দফতরের ভুয়ো পরিচয় পত্র দেখান। বৃদ্ধার মেয়ে ভুয়ো পরিচয় পত্রের ছবি তুলে রাখেন এবং তিনি কলকাতার ইউডি দফতরের সঙ্গে যোগাযোগ করেন। তাদের পরিচয় পত্রের ছবি পাঠানোর পর ইউডি দফতরের পক্ষ থেকে জানানো হয়, ওই দুজন আদৌ ইউডি দফতরের কর্মী নন।

এরপর বৃদ্ধার মেয়ে বিধাননগর উত্তর থানায় মেল মারফত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধাননগর উত্তর থানার পুলিশ। পাশাপাশি আরবান ডেভলপমেন্ট দফতরের পক্ষ থেকে সিআইডিতে অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি অফিসাররা। তদন্তে সিআইডি অফিসাররা জানতে পারেন, ওই জমিতে বাড়ি করেছেন রাজীব রঞ্জন কুমার। সরকারি জমিতে অবৈধভাবে বাড়ি করেছেন বলে অভিযোগ।

এছাড়া সরকারি জমির জাল কাগজপত্র তৈরি করে বাড়িটি করা হয়েছে। এর ভিত্তিতেই আজ সকালে সল্টলেক থেকে রাজীব রঞ্জন কুমারকে গ্রেফতার করে সিআইডি।

Related posts

Leave a Comment