দুর্গা প্রতিমা তৈরির বরাত না পাওয়ায় বেহাল অবস্থা সাজশিল্পীদের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:দুর্গা প্রতিমা সাজানোর জন্য বাংলার বিভিন্ন প্রান্তে কাজ করেন কয়েক লক্ষ শিল্পী। এবার করোনার আবহে দুর্গা প্রতিমা তৈরির বায়না প্রায় নেই। প্রতিমা তৈরির বরাত না পাওয়ায় রীতিমতো বেহাল অবস্থা সাজশিল্পীদেরও।সূত্রের খবর, কুমোরটুলি পাড়ায় ২০-২২টি দোকান রয়েছে। সেখানে মূলত পাইকারি দরে দুর্গা প্রতিমার নানা সাজের জিনিস বিক্রি হয়। উত্তরপ্রদেশ ,বিহার ,ঝাড়খন্ড ,ত্রিপুরা থেকে ব্যবসায়ীরা ক্রয় করেন শোলার তৈরি নানা সাজের সরঞ্জাম ,গলার মালা ,মুকুট গয়না প্রভৃতি। করোনা এবং লকডাউন-এর জেরে প্রতিমার সাজের সরঞ্জাম তৈরি বা বিক্রি প্রায় হচ্ছে না বললেই চলে। কুমোরটুলি মৃৎশিল্প সমিতির পক্ষ থেকে জানা গিয়েছে, সারা বছর দুর্গাপুজোর মরশুমের দিকে চেয়ে থাকতে হয়। তবে এবার অন্য রাজ্য থেকেও প্রতিমার সাজ কেনার কোনও বায়না আসেনি। ওই সব সাজের জিনিস যাঁরা তৈরি করেন,তাঁরাও বায়না না পেয়ে চরম দুর্দশায়। প্রসঙ্গত, বিহারে দুর্গাপুজো দশেরা উৎসব হিসেবে পালিত হয়। বিহারের ছাপরা জেলার সাহেবগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে সড়কপথে গাড়িতে করে কুমোরটুলি থেকে প্রতিমার সাজ পাইকারি দামে কিনে নিয়ে যান অনেকেই।করোনার কারণে এবার পুজো ও দশেরার প্রতীকী উৎসব পালিত হবে বলে জানা গিয়েছে। এ বছর কলকাতায় প্রতিমার সাজের বরাত পাওয়া যায়নি। কুমোরটুলি পাড়া থেকে বায়না না পাওয়া রাজ্যের বিভিন্ন এলাকার সাজশিল্পীদের এখন করুণ দশা। অন্যদিকে প্রতিমার মাথার চুল তৈরি করে ভালো আয় হয় শিল্পীদের।এই সময় দুর্গা প্রতিমার মাথার চুল তৈরি করতে রাত -দিন পরিশ্রম করতে হত। করোনার আবহে এবার বায়না তলানিতে।

