সকল বাধা কাটিয়ে ট্র্যাকে ফিরতে চলেছে ডাবল ডেকার ট্রেন

double decker

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ছুটতে প্রস্তুত সেমি-স্পিড ডাবল ডেকার ট্রেন। মাঝে কয়েক বছরের বিরতির পর ফের ট্র্যাকে ফিরছে ডাবল ডেকার ট্রেনটি। জানা গিয়েছে, নবরূপে ট্রেনের চাকা গড়ানোর অপেক্ষায় রয়েছে রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, অত্যাধুনিক প্রযুক্তিতে পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি এই সেমি-স্পিড ডাবল ডেকার ট্রেনটিতে রয়েছে নতুনত্বের পরশ। তাই শীঘ্রই ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিমি বেগে এই ট্রেন ছুটবে দেশের নির্দিষ্ট রেলপথগুলিতে।

রেল সূত্রে খবর, অত্যাধুনিক প্রযুক্তির এই কোচগুলি আগের তুলনায় অনেক চওড়া। ১২০ জন যাত্রী বসতে পারবেন একটি কামরায়। পাশাপাশি কোচগুলিতে থাকবে এয়ার স্প্রিং সাসপেনশন। এরফলে ঝাঁকুনির ধকল আর সহ্য করতে হবে না যাত্রীদের। এছাড়া কামরাগুলিতে থাকবে এলইডি ডিসপ্লে বোর্ড। যেখানে যাত্রীরা পরের স্টেশন সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। অন্যদিকে প্রতিটি কোচে রাখা হচ্ছে সিসি ক্যামেরা, এয়ার কন্ডিশনার সহ একটি করে মিনি প্যান্ট্রি।

উল্লেখ্য, ২০১০ সালের শেষের দিকে হাওড়া থেকে ধানবাদ ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিবেগে ট্রায়াল রান হয় এই ডাবল ডেকার ট্রেনের। সেই ট্রায়ালে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় এই ট্রেনটিকে। বেশ কিছু জায়গায় প্ল্যাটফর্মে ঘষা খায় ট্রেনের পাঁচটি কামরা। এরপর হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত প্রায় সব স্টেশনের প্ল্যাটফর্মের ধার কিছুটা ছেঁটে ফেলা হয়। বদল আনা হয় কোচের নকশাতেও। পরে ফের ট্রেনটি চালানোর উদ্যোগ নেয় পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে পর্যাপ্ত যাত্রী না মেলায় তা ফের বন্ধ করতে বাধ্য হয় রেল। এবার সব বাধা কাটিয়ে ফের ট্র্যাকে দৌড়াতে চলেছে সেমি স্পিড ডাবল ডেকারটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *