foreign ministerBreaking News World 

সীমান্ত সংঘাত মেটাতে মুখোমুখি হচ্ছে ভারত -চিন বিদেশমন্ত্রী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লাদাখে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাতের উত্তেজনা মেটাতে এবার মুখোমুখি আলোচনায় বসছেন দুই দেশের বিদেশমন্ত্রী। জানা গিয়েছে, রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ১০ সেপ্টেম্বর এই বৈঠক হতে পারে। উল্লেখ্য, এর আগে গত ৫ সেপ্টেম্বর মস্কোতে ভারত ও চিনের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে বৈঠক হয় তাতে কোনও সমাধানসূত্র বের হয়নি।

এক প্রথম শ্রেণির দৈনিকে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মস্কোতে পৌঁছনোর কথা রয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। অন্যদিকে চিনা বিদেশমন্ত্রী ওয়াং- ই পরের দিনই মস্কোতে পৌঁছবেন বলে খবর। সূত্রের খবর, রাশিয়ায় অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের মধ্যেই এই বৈঠকে অংশ নেওয়ার কথা দুই দেশের বিদেশমন্ত্রীর। তবে এখনও পর্যন্ত বৈঠকের সময় চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর মস্কোতেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও চিনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংহের মধ্যে একটি বৈঠক হয়। অনুমান করা হচ্ছে, দুই বিদেশমন্ত্রীর ওই বৈঠক সফল হলে লাদাখে সংঘাতের অবস্থান থেকে পুরোপুরি পিছু হঠতে পারে দুই দেশের সেনাই। তবে ভারতের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য, চিনকে ১৯৯৩ সালের দ্বিপাক্ষিক চুক্তির যাবতীয় শর্ত মেনে চলতে হবে ৷

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখা টপকে প্রবেশের চেষ্টা করে চিনা বাহিনী। তবে ভারতীয় সেনা সতর্ক থাকায় চিনা সেনা অনুপ্রবেশের করতে পারেনি। পাশাপাশি প্যাংগং তাসো লেকের কাছে গুরুত্বপূর্ণ পাহাড় চূড়ার দখল করে ভারতীয় সেনা।

Related posts

Leave a Comment