প্রশ্ন উঠল সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে

sunil-narine

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার প্রশ্ন উঠল সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে। কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচে জয় পেয়েও বিতর্কের মুখোমুখি কেকেআর শিবির। জানা গিয়েছে, এবার গুরুতর সমস্যার মুখোমুখি হলেন দলের নির্ভরযোগ্য বোলার সুনীল নারিন‌। উল্লেখ্য, গত শনিবার শেষ ওভারে দুরন্ত বোলিং করে কেএল রাহুলদের পাঞ্জাবের বিরুদ্ধে নাইটদের ম্যাচ জেতানোর নেপথ্যে নায়ক সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুললেন ম্যাচের আম্পায়ার। শুধু প্রশ্নই নয়, এই ক্যারিবিয়ান স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সরাসরি রিপোর্টও জমা দিলেন আম্পায়াররা।

বিসিসিআই সূত্রে খবর, সুনীল নারিনের বিরুদ্ধে বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট জমা পড়েছে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নারিনের বোলিং অ্যাকশন সন্দেহজনক ছিল বলে লিখিত রিপোর্ট দেন ম্যাচের আম্পায়াররা। সূত্রের খবর, তবে এখনই বোলিং নিষিদ্ধ করা হচ্ছে না সুনীলের। ফলে নাইট শিবিরে কিছুটা হলেও স্বস্তি রয়েছে। বিসিসিআই সূত্রে আরও জানা যায়, ইতিমধ্যেই তাঁকে সতর্ক করেই ছাড়া হচ্ছে। অর্থাৎ ওয়ার্নিং লিস্টে নাম থাকছে নারিনের।

এক্ষেত্রে চলতি আইপিএলে আর একবার যদি সুনীলের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে বা কোনও রিপোর্ট জমা পড়ে, তাহলে আর বল করতে পারছেন না এই ক্যারিবিয়ান তারকা। তখন সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিষিদ্ধ ঘোষণা করা হবে বলেও বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। বিসিসিআই আরও জানিয়েছে, সেক্ষেত্রে অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে কাজ করা কমিটির থেকে ছাড়পত্র পাওয়ার পরই ফের বল করতে পারবেন সুনীল নারিন।

উল্লেখ্য, চলতি আইপিএলের প্রথম দিকে ব্যাটে-বলে জ্বলে উঠতে না পারলেও কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে শনিবার নিজের ঘরানা দেখান এই ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন। তিনি মোট ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। শেষ ওভারে তাঁর দুরন্ত বোলিংয়ের ওপর ভর করেই জয় ছিনিয়ে নেয় নাইট রাইডার্স। নিজের তৃতীয় ওভারে দুর্দান্ত বোলিং করেন নাইট দলের এই সেরা অস্ত্র।

প্রসঙ্গত, সুনীল নারিনের ক্ষেত্রে এর আগেও বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। সেক্ষেত্রে নারিনের বোলিংকেও ব্যানও করে দেওয়া হয়। এরপর তিনি নিজের বোলিং অ্যাকশনে কিছু পরিবর্তন এনে ছাড়পত্র পেয়ে টুর্নামেন্ট খেলেছিলেন। তবে এবারে সুনীলের এই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার ফলে সমস্যায় পড়তে হতে পারে নাইট শিবিরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *