উচ্চমাধ্যমিকের ফল বেরোল, পাশের হার ৯০.১৩ শতাংশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। বিকেল ৪টে থেকে ফলাফল প্রকাশিত হয়। লকডাউনের পূর্বে মাধ্যমিক শেষ হলেও, করোনা আবহে বাতিল হয় উচ্চমাধ্যমিকের শেষ ৩টি পরীক্ষা। উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি মহুয়া দাস ফল ঘোষণা করে জানিয়েছেন, এবারের রেকর্ড পাশের হার ৯০.১৩ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯০.৪৪ শতাংশ, ছাত্রীদের পাশের হার ৯০ শতাংশের বেশি। কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, কালিম্পং ভাল ফলাফল করেছে।
এবারের উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩। পাশ করেছেন ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ জন পরীক্ষার্থী। আবার ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৩০ হাজারের বেশি। ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছেন ৮৪ হাজার ৭৪৬ জন। এবারের উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯। কলা বিভাগে পাশ করেছেন ৮৮.৭৪ শতাংশ, বাণিজ্য বিভাগে ৯২.২২ শতাংশ এবং বিজ্ঞান বিভাগে ৯৮.৯৩ শতাংশ পরীক্ষার্থী।
জানা গিয়েছে, মাধ্যমিকের মতো http://wbresults.nic.in/ ওয়েবসাইটে ক্লিক করলেই জানা যাচ্ছে ফল।ওপরে বলা ওয়েবসাইটের নির্ধারিত কলামে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিলে পাবেন উচ্চমাধ্যমিক মার্কশিটের প্রতিলিপি। সংসদ সূত্রে জানানো হয়েছে, প্রয়োজনে মার্কশিটের প্রতিলিপি ডাউনলোড করে নেওয়া যাবে।
পাশাপাশি আরও জানা যায়, আগামী ৩১ জুলাই দুপুর ২টো থেকে ৫২টি কেন্দ্র থেকে মার্কশিট দেওয়া হবে। বিভিন্ন বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলিকে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া শুরু হবে। অবশ্যই সামাজিক দূরত্ব মেনে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন অভিভাবক বা পরীক্ষার্থীরা।
এছাড়া সংসদের ওয়েবসাইটে https://wbchse.nic.in/ মিলছে মার্কশিটের প্রতিলিপি। যেখানে থাকছে বিষয় ভিত্তিক লিখিত পরীক্ষার নম্বর। আবার প্র্যাক্টিকাল এবং প্রোজেক্টের নম্বর। এছাড়া মোট প্রাপ্ত নম্বর। পাশাপাশি থাকছে গ্রেডও। কোনও পরীক্ষার্থীর ফল সন্তোষজনক মনে না হলে আগামী ৩১ আগস্টের মধ্যে স্ক্রুটিনি করার সুযোগ পাবেন তাঁরা। স্ক্রুটিনি, রিভিউয়ের জন্য ফি কমাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এক্ষেত্রে স্ক্রুটিনির জন্য ৫০ টাকা এবং রিভিউয়ের জন্য ৭৫ টাকা ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ শুরু হয় উচ্চমাধ্যমিক। করোনা পরিস্থিতিতে ২১ মার্চ পর্যন্ত পরীক্ষা হয়ে থমকে গিয়েছিল। বাতিল হয় ১৪টি বিষয়ের পরীক্ষা। অন্যদিকে, এরই মধ্যে উচ্চ শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, স্নাতক স্তরে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ১০ আগস্ট।
ফল দেখতে ক্লিক করুন: এখানে

