উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল ৷ এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের পাশের হার ৯০.১৯ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৬.৯৮ শতাংশ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ৭ টি জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ফল প্রকাশ করলেন। ৪৪ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল বের হল।
এবারও প্রথম ১০তম স্থান পর্যন্ত মেধা তালিকা ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মেধা তালিকার প্রথম দশে ২৭২ জন রয়েছেন। যাঁর মধ্যে ১৪৪ জন ছেলে ও ১২৭ জন মেয়ে। সংসদ সূত্রে জানানো হয়েছে,সম্ভাব্য প্রথম হয়েছেন আদিশা দেবশর্মা। দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী পেয়েছেন ৪৯৮ নম্বর। পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত পেয়েছেন ৪৯৭ নম্বর। সম্ভাব্য দ্বিতীয় হয়েছেন সায়নদীপ।
তৃতীয় স্থান পেয়েছেন ৪৯৬ নম্বর পেয়ে ৪ জন। এক্ষেত্রে রয়েছেন পাঠভবনের রোহিত সেন। সোহম দাস হুগলি কলেজিয়েট স্কুল। অর্পিতা মন্ডল ও অনুষ্কা দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুল। এছাড়া ৪৯৫ নম্বর পেয়ে চতুর্থ স্থান পেলেন ৮ জন। ৪৯৪ নম্বর পেয়ে পঞ্চম স্থানে ১১ জন রয়েছেন। উল্লেখ করা যায়,এ বছর সাড়ে ৭ লক্ষের বেশি পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন,৫৬ টি বিষয়ের উপর পরীক্ষা হয়েছে এ বছর। (ছবি: সংগৃহীত)

