১২ হাজার গেস্ট লেকচারারদের স্থায়ী নিয়োগ পাকা করলো রাজ্য

Partho Chattopadhyay

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ অবশেষে রাজ্যের কলেজগুলির গেস্ট লেকচারারদের নিয়োগ সম্পর্কিত সমস্যার সমাধান করল রাজ্য উচ্চশিক্ষা দপ্তর। ফলে সব মিলিয়ে প্রায় ১২ হাজার গেস্ট লেকচারারদের চাকরি সুনিশ্চিত হয়ে গেল। এর ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে তাঁদের বর্ধিত হারে বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন উচ্চশিক্ষা দপ্তর।প্রসঙ্গত, এতদিন রাজ্যের প্রায় ৮ হাজার ৫০০ জন গেস্ট লেকচারারদের ক্লাস পিছু ভাতা দেওয়া হত। কলেজগুলির নিজস্ব তহবিল থেকেই এই ভাতা মেটানো হয়েছে। এছাড়াও ২ হাজার ৯১৬ জন পার্ট টাইমার পেতেন প্রায় ১৯ হাজার টাকা করে এবং ৫০০ চুক্তিভিত্তিক টিচার পেতেন ২৫ হাজার টাকার মত।

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার নিরিখে গেস্ট লেকচারারদের স্যাক্ট-১ এবং স্যাক্ট-২ ক্যাটিগরিতে ভাগ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ইউজিসির যোগ্যতামান না থাকা ১০ বছরের কম অভিজ্ঞ স্যাক্টদের ন্যূনতম ভাতা ২০ হাজার টাকা হবে । যাঁদের যোগ্যতামান আছে কিন্তু ১০ বছরের কম অভিজ্ঞ, তাঁরা পাবেন ২৫ হাজার টাকা। ১০ বছরের বেশি অভিজ্ঞ কিন্তু ইউজিসির নির্দিষ্ট যোগ্যতামান না থাকা শিক্ষকরা পাবেন ৩১ হাজার টাকা। ১০ বছরের পুরনো এবং ইউজিসির যোগ্যতামান রয়েছে এমন শিক্ষকরা মাসে ৩৫ হাজার টাকা ভাতা পাবেন। সব কলেজ মিলিয়ে ১২ হাজার শিক্ষকের মধ্যে উদ্বৃত্ত প্রায় ৭০০ গেস্ট লেকচারারদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুক্রবার এক নির্দেশিকায় তাঁদের প্রত্যেককেই নিজ নিজ কলেজে নিয়োগের ছাড়পত্র দেওয়া হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে যাঁরা উদ্বৃত্ত ছিলেন না, তাঁদের এনগেজমেন্ট লেটার দেওয়ার কাজও শেষ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *