উত্তর ইতালির প্রেসেনা হিমবাহ রক্ষায় পরিবেশকর্মীরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উষ্ণায়নের জেরে গলছে বরফ। এক ধরনের বিশেষ ত্রিপল দিয়ে ঢাকা হল ইতালির হিমবাহ। সূত্রের খবর, দূর থেকে খালি চোখে আচ্ছাদন বলে মনে নাও হতে পারে। কেউ ভাবতেই পারেন, সাদা বরফের চাদরে গোটা উপত্যকা মোড়া রয়েছে। উত্তর ইতালির প্রেসেনা হিমবাহ রক্ষায় এই ব্যবস্থা নিয়েছেন একদল পরিবেশকর্মী। উল্লেখ্য, বিশ্ব উষ্ণায়নের জেরে সমুদ্রের জলস্তর বেড়ে চলেছে। সারা পৃথিবীতে হিমবাহ মুছে যাওয়ার আশঙ্কাও বাড়ছে। প্রেসেনার ছবিটাও একইরকম। সূত্রের আরও খবর, ১৯৯৩ সাল থেকে এখানে বরফ গলতে শুরু করেছে। মুছে গিয়েছে এক-তৃতীয়াংশেরও বেশি হিমবাহ। তাই থেকে যাওয়া বরফের চাদরকে রক্ষা করতে এগিয়ে এলেন একদল পরিবেশকর্মী। অনেক ভাবনাচিন্তার পর বিস্তৃত হিমবাহকে জিওটেক্সটাইল ত্রিপল দিয়ে মুড়ে দেওয়ার কথা তাঁদের মাথায় আসে। এক্ষেত্রে বলা হয়েছে, গ্রীষ্মের প্রখর সূর্যরশ্মি সরাসরি বরফের উপর এসে পড়বে না। ত্রিপলের গায়ে প্রতিফলিত হয়ে ফিরে যাবে। নিচের বরফের চাদর থাকবে ঠান্ডা। এরফলে কমে যাবে গলনও।

