নিজ জমি না থাকলেও কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ

KCC Card

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিজের জমি না থাকলেও কিষাণ ক্রেডিট কার্ডে এবার ঋণ চাষিদের। সূত্রের খবর, নিজস্ব জমি না থাকলেও চাষিরা কিষাণ ক্রেডিট কার্ডে (কেসিসি) চাষের জন্য ঋণ পাবেন। এক্ষেত্রে বলা হয়েছে, তিনি যে জমিতে চাষ করছেন সেই সম্পর্কিত কৃষি দপ্তরের একটি সার্টিফিকেট কেসিসি-র ঋণের আবেদনের সঙ্গে জমা দিতে হবে। স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির (এসএলবিসি) পক্ষ থেকে সব ব্যাঙ্ককে চিঠি দিয়ে একথা জানানো হয়েছে। ওই চিঠির কপি নবান্নেও পাঠানো হয়েছে বলে খবর। ওই চিঠিতে বলা হয়েছে, ৫ বছরের মেয়াদে ঋণ এই চাষিদের দিতে পারবে ব্যাঙ্কগুলি। ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে।

রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে এটা করা হচ্ছে, তা উল্লেখ করা হয়েছে চিঠিতে। প্রসঙ্গত, কেসিসি-তে কৃষি ঋণ দেওয়া নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে কিছু বিষয় তোলা হয়। কেসিসি থাকা সত্ত্বেও অনেক চাষিকে ব্যাঙ্ক ঋণ পেতে অসুবিধায় পড়তে হয়। বিশেষ করে নিজের জমি নেই এমন চাষিদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি। পিএনবি-র চিঠিতে ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মেনে কেসিসি-র ঋণ দিতে বলা হয়েছে। কেসিসি-র নিয়মে জানানো হয়েছে, নিজের জমি না থাকলেও চাষিরা এই প্রকল্পে কৃষি ঋণ নিতে পারবেন। পাশাপাশি নথিভুক্ত বর্গাদার না হলেও কেসিসি-র ঋণ পাওয়া যাবে। পাশাপাশি মৌখিকভাবে জমি লিজ বা ভাড়া নিয়ে চাষ করেন এমন চাষিরাও কেসিসি-র ঋণ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *