আইসিএসই, আইএসসি-তে পাশের হার বেড়েছে

ICSE Students

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইসিএসই, আইএসসি-তে এবার বাড়ল পাশের হার। করোনার মারণ থাবা। মেধা তালিকা ছাড়াই প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফল। জানা গিয়েছে, গতবারের তুলনায় সর্বভারতীয় পাশের হার দুটি পরীক্ষাতেই কিছুটা বেড়েছে। উল্লেখ্য, গত বছর আইসিএসই-তে পাশের হার ছিল ৯৮.৫৪ শতাংশ। এ বছর তা ৯৯.৩৪ শতাংশ। আইএসসি-তে তা ছিল ৯৬.৫২ শতাংশ। এবার পাশের হার ছিল ৯৬.৮৪ শতাংশ।

সূত্রের খবর, এবার পাশের সর্বভারতীয় হারকে টেক্কা দিল পশ্চিমবঙ্গ। রাজ্যে চলতি বছর আইসিএসই-তে পাশের হার দাঁড়িয়েছে ৯৯.১ শতাংশে। আইএসসি-র ক্ষেত্রে সেই হার ৯৭.৬ শতাংশ। জানা যায়, সারা ভারতে মোট ২ লক্ষ ৭ হাজার ৯০২ জন পরীক্ষার্থী ছিলেন আইসিএসই-তে। আবার ৮৮ হাজার ৪০৯ জন বসেছিলেন আইএসসি পরীক্ষায়। এবার রাজ্যে পরীক্ষার্থীর সংখ্যা ছিল যথাক্রমে ৩৭ হাজার ২৫৮ জন এবং ২৫ হাজার ৫৮ জন। এছাড়া করোনা পরিস্থিতিতে স্থগিত হয়ে যাওয়া বিষয়গুলির ক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরে সন্তোষ প্রকাশ করল শহরের স্কুলগুলি। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, রাজ্যের ৩৮২টি স্কুল থেকে আইসিএসই ও ২৭০টি স্কুল থেকে আইএসসি-তে বসে পড়ুয়ারা। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ট্যুইটারে তিনি লিখেছেন, “এ বছর তোমাদের আতঙ্কের পরিবেশের মধ্য দিয়ে যেতে হয়েছে, তা তোমাদের জীবনে একটা শিক্ষা হয়ে থাকবে। আগামী দিনে তোমাদের সব স্বপ্ন সফল হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *