রোগ প্রতিরোধে বাজারে মাদার ডেয়ারির নয়া ব্র্যান্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মাদার ডেয়ারি দুধের ৩টি নয়া ব্র্যান্ড এনেছে। বিশেষজ্ঞরা এ বিষয়ে জানিয়েছেন, করোনা প্রতিরোধের ক্ষেত্রে টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত সংক্রমণ মোকাবিলায় একমাত্র রাস্তা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। জানা গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে এ ব্যাপারে বিশেষ উদ্যোগী হল রাজ্য সরকার। উল্লেখ্য, রাজ্যের বাসিন্দাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে ভিটামিন-এ ও ভিটামিন-ডি সমৃদ্ধ ৩টি বিশেষ ব্র্যান্ডের দুধ বাজারে আনল সরকারি সংস্থা মাদার ডেয়ারি।
যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কাজ দেবে, এমনই অভিমত দুগ্ধ বিশেষজ্ঞদের। সব বয়সীদের জন্য এই উন্নত মানের দুধ পানের প্রচার শুরু করতে চলেছে রাজ্য সরকার। এ বিষয়ে আরও জানা যায়, আধুনিক প্রযুক্তির প্যাকেজিংয়ে মাদার ডেয়ারির নতুন ৩টি ব্র্যান্ড হল– সুপ্রিম, প্রাণসুধা ও সঞ্জীবনী। এক্ষেত্রে ৫০০ মিলিলিটার প্যাকেটের দাম যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ টাকা। সরকারি ব্যবস্থায় এই উদ্যোগ নিয়ে সন্তোষপ্রকাশ করেছেন মাদার ডেয়ারির চেয়ারম্যান তথা প্রাণিসম্পদ বিকাশমন্ত্রী স্বপন দেবনাথ। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, রাজ্যবাসীর সু-স্বাস্থ্যের বিষয়ে সর্বদা সজাগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মারণ করোনার প্রকোপ থেকে নাগরিকদের বাঁচাতে তিনি নিজে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিতে জোর দিয়েছেন। সেইমতো লকডাউনের শুরু থেকেই অতিরিক্ত প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ দুধ তৈরিতে উদ্যোগী হয় আমাদের গবেষণা শাখা। অবশেষে তা সফল হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, এই উন্নত মানের দুধ পানের মাধ্যমে রাজ্যের মানুষ করোনার সঙ্গে আরও জোরদার লড়াই চালাতে পারবে বলে মনে করা হচ্ছে।

