সরকারি হাসপাতালে নয়া পিজি কোর্স শুরুর উদ্যোগ

Heath Department

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নয়া পিজি কোর্স শুরু হচ্ছে ৮০টি সরকারি হাসপাতালে। চাহিদা বেড়ে চলেছে বিশেষজ্ঞ ডাক্তার বা স্পেশালিস্টের। সূত্রের খবর, এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বিজ্ঞাপন দিলেও শূন্যস্থান থেকেই যাচ্ছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার। সূত্রের আরও খবর, কেন্দ্রীয় সরকার নতুন ৮টি পিজি পাঠ্যক্রম চালুর ছাড়পত্র দিয়েছে। ২ বছরের কোর্স। সেই সুযোগকে সামনে রেখে তৎপরতা শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। জানা গিয়েছে, রাজ্যের ৮০টি হাসপাতালে এই পাঠ্যক্রম চালু করতে উদ্যোগ নেওয়া শুরু।

প্রসঙ্গত, এমবিবিএস পাশ করার পর কোনও পড়ুয়াকে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পাওয়ার জন্য আরও ৩-৪ বছর সময় ব্যয় হয়। মোট ৩ বছরের পাঠ্যক্রম। ভর্তির প্রস্তুতির জন্য লাগে আরও প্রায় ২ বছর। এক্ষেত্রে নতুন ৮টি স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স এনেছে ‘ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশনস (এনবিই)’। যেমন– স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, শিশু চিকিৎসা, অ্যানাস্থেশিওলজি, টিবি ও বক্ষরোগ চিকিৎসা, রেডিওডায়াগনসিস, ফ্যামিলি মেডিসিন, চক্ষু চিকিৎসা এবং ইএনটি। এবার ৮০টি সরকারি হাসপাতালে এই পাঠ্যক্রম চালু করছে রাজ্য সরকার। কীভাবে এই সব কোর্স চালু করা সম্ভব এবং পাঠ্যক্রম বিশদে জানতে সরকারি হাসপাতালের সুপারকে চিঠি পাঠাতে শুরু করেছে স্বাস্থ্যভবন। এক্ষেত্রে আরও জানা যায়, প্রথম দফায় কতগুলি আসনে এই কোর্স চালু হবে, তা নিয়ে বিশ্লেষণ চলছে। এক্ষেত্রে মূল লক্ষ্য– বিশেষজ্ঞ ডাক্তারের অভাব মেটানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *