জলসঙ্কট মেটানোর জন্য নতুন নীতি কেন্দ্রের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জলের সঙ্কট মেটাতে নতুন নীতি কার্যকর করার পথে কেন্দ্র। সূত্রের খবর, ব্যবহার করা জল শোধন করেই আবার তা ব্যবহার করতে হবে। জলসঙ্কট সামলাতে এমনই নতুন ওয়াটার ম্যানেজমেন্ট নীতি কার্যকর করার পথে কেন্দ্রীয় সরকার। সরকারিভাবে জানা গিয়েছে, সারা বিশ্বে ক্রমশ তীব্র হচ্ছে জলসঙ্কট। পানীয় জল ও প্রতিদিনের কাজের জন্য যে জল প্রয়োজন হয়, তাতে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই কারণেই নতুন ওয়াটার ম্যানেজমেন্ট নীতি তৈরি করতে উদ্যোগী কেন্দ্র। এক্ষেত্রে বলা হয়েছে, নতুন নীতির লক্ষ্যই হল– ব্যবহৃত জলকে শোধন করে পুনরায় ব্যবহারের যোগ্য করে তোলা। এক্ষেত্রে জলের অপচয় রোধ করা সম্ভব হবে। দেশের গ্রামীণ অঞ্চলের কথা চিন্তা-ভাবনা করে এই সংক্রান্ত গবেষণার উপর নজর দিচ্ছে কেন্দ্র। এই নতুন ব্যবস্থায় গ্রামাঞ্চলের বাসিন্দারা কতটা স্বচ্ছন্দ বোধ করছেন, তাও খতিয়ে দেখবে সরকার। পাশাপাশি এই নতুন ব্যবস্থায় গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য প্রয়োজনীয় প্রযুক্তির যথাযথ ব্যবহার ও নিয়মিত জল সরবরাহ ব্যবস্থার উপর নজরদারি চালানো হবে বলেও জানা যায়।

