চালু হল ‘প্রধানমন্ত্রী মৎস্যসম্পদ যোজনা’ প্রকল্প
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ২০ হাজার ৫০ কোটি টাকার মৎস্যসম্পদ যোজনা চালু হল। মাছের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ। প্রকল্পটির নাম- ‘প্রধানমন্ত্রী মৎস্যসম্পদ যোজনা’। সূত্রের খবর, মৎস্য চাষিদের উপার্জন দ্বিগুণ করার পরিকল্পনা কেন্দ্র হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসেবে এই প্রকল্প চালু হয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি বিহারে মৎস্য চাষ ও পশুপালন সংক্রান্ত আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। তার মধ্যে উল্লেখযোগ্য হল- ই-গোপালা নামে একটি মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে পশুপালন সংক্রান্ত নানা প্রয়োজনীয় পরামর্শ পাবেন কৃষকরা। আবার পুর্নিয়া জেলায় ৮৪ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে তৈরি একটি সিমেন স্টেশনের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রের খবর, প্রধানমন্ত্রী মৎস্যসম্পদ যোজনায় প্রায় ২০ হাজার ৫০ কোটি টাকার এই প্রকল্প নজিরবিহীন। মৎস্য চাষের জন্য এর আগে এত বড় প্রকল্প গ্রহণ করা হয়নি।

