রাস্তা-নদীবাঁধ মেরামতের নির্দেশ জেলা প্রশাসনের

Bad Road

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনায় রাস্তা ও নদীবাঁধ মেরামতের নির্দেশ দিল জেলা প্রশাসন। স্থানীয় সূত্রের খবর, জেলার একাধিক রাস্তা ও নদীবাঁধ খারাপ অবস্থার মধ্যে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভও বাড়ছে। আবার রাস্তা সংস্কারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ প্রদর্শনও করছে। এই অবস্থায় বেহাল রাস্তা মেরামত করার জন্য শেষ পর্যন্ত উদ্যোগী হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। প্রশাসন সূত্রের খবর, এই জেলায় ৫৫টিরও বেশি রাস্তা ও ৩০টির মতো নদীবাঁধ মেরামত করা হবে। রাস্তা ও নদীবাঁধগুলি চিহ্নিতও করা হয়েছে।

এই কাজ খুব শীঘ্রই শুরু করার নির্দেশ িদয়েছে জেলা প্রশাসন। স্থানীয় সূত্রের আরও খবর, বারুইপুর, সোনারপুর, ডায়মন্ডহারবার, মগরাহাট, মহেশতলা, জয়নগর ও কুলপি-সহ জেলার বিভিন্ন এলাকায় একাধিক রাস্তার হাল বেহাল। বেশ কিছু রাস্তায় এখন যান-বাহন চলাচল করাই মুশকিল। গাড়ি ও অন্যান্য যান-বাহন নিয়ে চলাচল করাই যাচ্ছে না, এমনই অভিযোগ। রোজই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয় সূত্রের অভিযোগ, এর আগে কয়েকটি রাস্তায় সামান্য কাজ হলেও তা বেশিদিন টেকেনি। কুলতলি যাওয়ার প্রায় ২ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থার মধ্যে রয়েছে। প্রতিদিন দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে মানুষকে। এমত পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। এবার জেলা প্রশাসন ওইসব রাস্তা সংস্কারের নির্দেশ দিয়েছে। আবার বাসন্তী চৌমাথা পর্যন্ত রাস্তার হাল খুবই শোচনীয়। অন্যদিকে উস্তি থেকে দোস্তিপুর পর্যন্ত রাস্তারও বেহাল দশা। সূত্রের আরও খবর, কুলপি থেকে গোচরণ মোড়, বারুইপুর কাছারি বাজার থেকে গোবিন্দপুর, পূর্ব বিষ্ণুপুর থেকে রায়দিঘি, সোনারপুর থেকে ঘটকপুকুর-সহ বিভিন্ন রাস্তার তালিকা পিডব্লুডিকে দেওয়া হয়েছে। এই রাস্তাগুলি সংস্কারের কথা জানিয়েছে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *