শিশু-আধার কার্ড পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কের কাঠামোয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সব ক্ষেত্রেই আধার কার্ড প্রায় বাধ্যতামূলক। শিশুর জন্মের পর আধার কার্ড বানানোর জন্য পিতা-মাতাকে অন্যত্র ছোটাছুটি করতে হয়। এক্ষেত্রে দুর্ভোগের শেষ থাকে না। এবার তা শেষ হতে চলেছে। সূত্রের খবর, এবার পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কের পরিকাঠামোর মাধ্যমে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের আধার কার্ড তৈরির উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে তা করা যাবে গ্রাম ও শহরের বিভিন্ন ব্রাঞ্চ পোস্ট অফিস থেকেই। এতদিন পর্যন্ত হেড বা সাব-পোস্ট অফিসেই এই কাজ করা হয়েছে। এবার শিশুদের আধার নথিভুক্ত করতে নতুন অ্যাপ তৈরি করেছে আধার কার্ড তৈরির দায়িত্বপ্রাপ্ত সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)।
সূত্রের আরও খবর, ফোনের মাধ্যমে এই কাজের সুবিধা থাকায় আগামী দিনে বাড়ি গিয়ে বা যে-কোনও জায়গায় ক্যাম্প করেও আধার কার্ড তৈরি করতে পারবেন ব্রাঞ্চ পোস্ট-মাস্টাররা। প্রতিটি কার্ডের জন্য তাঁরা কমিশনও পাবেন। জানা গিয়েছে, এই কাজে গতি আনার জন্য বিভিন্ন জেলায় অনলাইনে প্রশিক্ষণ দেওয়াও শুরু হয়েছে। উল্লেখ্য, আধার কার্ড তৈরি নিয়ে সাধারণ মানুষের যন্ত্রণাও কম নয়। এক্ষেত্রে বিভিন্ন অভিযোগও রয়েছে। এই কাজ করার জন্য প্রায় প্রতিটি গ্রাম ও শহরে একাধিক ব্রাঞ্চ পোস্ট অফিস রয়েছে। আবার সমগ্র দেশে পোস্টম্যান বা ডাক সেবকের সংখ্যা প্রায় ১ লক্ষ ৯০ হাজারের মতো। ডাক বিভাগের দেওয়া অ্যান্ড্রয়েড মোবাইল ও ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার থাকায় এই পরিকাঠামো ব্যবহার করে সাধারণ মানুষকে এই পরিষেবা দেওয়া যাবে বলেও জানা গিয়েছে। এই পরিষেবা প্রদানের লক্ষ্যে ইউআইডিএআই-এর কাছে প্রস্তাব দিয়েছে পোস্টাল পেমেন্ট ব্যাঙ্ক। এই প্রস্তাবে অনুমোদন পাওয়া গিয়েছে বলেও জানা যায়।

