হরিণঘাটার যমুনা খাল গঙ্গার সঙ্গে যুক্ত করার উদ্যোগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার গঙ্গার সঙ্গে সরাসরি জুড়বে হরিণঘাটার যমুনা খাল। সূত্রের খবর, সংস্কার হওয়ার পরও খাল ভরে গিয়েছে নোংরা-আবর্জনা ও কচুরিপানায়। আবারও আটকে পড়েছে যমুনা খালের স্রোত। উল্লেখ্য, হরিণঘাটা ব্লক জুড়েই প্রবাহিত হয়েছে এই যমুনা খাল। স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন, সংস্কার হওয়ার পরও কচুরিপানার জঙ্গলে আটকে রয়েছে যমুনা। নিকাশি সংক্রান্ত সমস্যার সুরাহা এখনও হয়নি।
অন্যদিকে এই সমস্যার স্থায়ী সমাধানে এবার খালটিকে সরাসরি গঙ্গার সঙ্গে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা পরিষদ। নদিয়া জেলা পরিষদ সূত্রের খবর, গত ২০১৯ সালে বনগাঁর চারঘাট থেকে হরিণঘাটার চণ্ডীরামপুর পর্যন্ত খালের প্রায় ৬০ কিমি এলাকা ২৪ কোটি টাকায় সংস্কার করা হয়। স্থানীয় সূত্রের আরও খবর, ড্রেজিং করে পলি তোলাও হয়েছে। সাময়িকভাবে স্রোতে প্রাণ ফিরলেও সেই পূর্বের অবস্থাই রয়েছে। এক বছরের মধ্যেই যমুনা ফের পুরনো চেহারাতেই।
প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, প্রবাহিত খালটির সঙ্গে যমুনাকে যুক্ত করে মথুরা বিল পর্যন্ত ড্রেজিং করা হবে। এক্ষেত্রে যমুনা খাল মথুরা বিল থেকে ত্রিবেণী হয়ে হুগলি নদীর সঙ্গে সংযুক্ত হতে পারে। এই কাজ করা সম্ভব হলে খালের জলে স্রোতও থাকবে। জলপথ পরিবহণের ব্যবস্থাও এক্ষেত্রে করা যেতে পারে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, এ বিষয়ে সেচমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। গঙ্গার সঙ্গে যমুনা খালের সরাসরি সংযোগ স্থাপন করার প্রস্তাবও লিখিতভাবে জমা দেওয়া হয়েছে। এক্ষেত্রে আরও বলা হয়, খালটি কীভাবে সংস্কার করলে গঙ্গার সঙ্গে যুক্ত করা যাবে, তা সম্পূর্ণ নকশা আকারে মন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে আরও জানা যায়, হরিণঘাটা ব্লকে ৫০ হাজারের মতো মানুষের বসবাস। এই সংলগ্ন এলাকায় দুর্ভোগের কারণ হচ্ছে বর্ষার জমা জল সঠিকভাবে নিষ্কাশিত হতে পারছে না। নিকাশিনালারও অভাব রয়েছে। যমুনা খালের বেহাল অবস্থার জন্য দুর্ভোগও বাড়ছে।

