Orange TreeOthers 

‘মাটির সৃষ্টি প্রকল্পে’ গ্রামীণ উপার্জন বাড়ানোর প্রয়াস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ জঙ্গলমহলের মাটিতে এবার থেকে চাষ করা হবে কমলার। পতিত জমিকে ফল চাষের উপযোগী করে তুলতে তৈরি করা হবে ‘মাইক্রো সাইট’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘মাটির সৃষ্টি’ প্রকল্পটি বাস্তবায়িত হতে চলেছে। সূত্রের খবর, জঙ্গলমহলের ছ’টি জেলায় মোট ১০ লক্ষ কমলার চারা বসানো হবে। এছাড়াও আম, লিচু এবং কাজুর বাগানও অনুর্বর জমিতে তৈরি করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

সূত্রের আরও খবর, উদ্যান প্রতিপালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত দশ লক্ষ চারা বরাদ্দ করা হয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে ‘মাটির সৃষ্টি প্রকল্পে’ এই ছ’টি জেলায় মোট ৫০ হাজার একর অনুর্বর জমিতে বিভিন্ন ধরণের চাষ করা হবে বলে জানা গিয়েছে। আবার ১০ থেকে ২০ একর পতিত জমি চাষীদের থেকে নেওয়া হবে বলে জানা যায়। এরসাথে সরকারি খাস জমি মিশিয়ে তৈরি করা হবে ‘মাইক্রো সাইট’। এক্ষেত্রে কমলা লেবু ছাড়াও অন্যান্য ফলের চাষও করা যাবে বলে জানানো হয়েছে। এরফলে প্রায় আড়াই লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment