মালদার রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো বন্ধের নির্দেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রামকৃষ্ণ মিশনেও এবার করোনার প্রকোপে। মালদা জেলার মিশনের মঠে বাতিল করা হল কুমারী পুজো। সূত্রের খবর, মিশনের যে শিশুটিকে এবার কুমারী পুজোর জন্য নির্বাচন করা হয়, ওই শিশু করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও আক্রান্ত হয়েছেন মঠের অধ্যক্ষ সহ আরও দুই মঠকর্মী।
সূত্রের আরও খবর, মিশনের প্রধান স্বামী ত্যাগরূপানন্দ মহারাজ বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। পরে করোনা পরীক্ষা করে জানা যায় রিপোর্ট পজিটিভ। এই ঘটনা শোনার পর মঠের সন্ন্যাসী ও ভক্তরা চিন্তিত। সমস্ত ঘটনা বেলুড় মঠে জানানোর পর সেখান থেকে এবছর কুমারী পুজো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। মঠের সমস্ত সন্ন্যাসী এবং কর্মীদের করোনা পরীক্ষা করা চলছে বলে জানা যায়। অন্যদিকে বেলুড় মঠের নির্দেশে শুধু কুমারী পুজো বন্ধই নয় অষ্টমীতে ভোগ বিতরণও এবছর বন্ধ করা হয়েছে।

