মার্কিন রাজনীতির ইতিহাসে উচ্চপদে আসীন হওয়ার নজির কমলার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সামনে অনেক কাজ, আমেরিকায় ইতিহাস তৈরি করে মন্তব্য করলেন কমলা হ্যারিস। উল্লেখ করা যায়, ৪ বছর আগে হিলারি ক্লিনটনের মার্কিন প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন ভেঙে গিয়েছিল ৷ কমলার জয় সেই ক্ষতে প্রলেপ পড়ল বলে অনেকেই মনে করছেন ৷
কমলা হ্যারিস নির্বাচনে জয়ের পর আমেরিকার জনসাধারণের উদ্দেশ্যে তাঁর মন্তব্য- এই নির্বাচন শুধু আমি নয় তার চেয়ে অনেক বড় ৷ প্রসঙ্গত,কমলা হ্যারিস মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন ৷ নির্বাচনে জেতার পর তিনি নতুন ইতিহাস তৈরি করলেন। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা ইউনাইটেড স্টেটসের ভাইস প্রেসিডেন্ট হলেন ৷ এই পদে যাঁরা এসেছেন তাঁদের বেশিরভাগই ছিল শ্বেতাঙ্গ পুরুষ৷ মার্কিন রাজনীতির ইতিহাসে এই উচ্চপদে আসীন হওয়ার নজির গড়লেন কমলা।
জয়ের পর হ্যারিস নিজের ট্যুইটার পোস্টে লিখলেন- “এই নির্বাচন শুধুমাত্র জো বাইডেন বা আমার বিষয়ে নয়, তার চেয়ে অনেক বড়৷ এটা আমেরিকার আত্মার বিষয় যা নিয়ে লড়াই করার আমাদের ইচ্ছা ৷ আমাদের সামনে অনেক কাজ, শুরু করা যাক ৷” ৫৬ বছরের ক্যালিফোর্নিয়ার সেনেটর – প্রথম দক্ষিণ এশীয় হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হলেন। মার্কিন মুলুকের প্রশাসনে তিনি সর্বোচ্চ পদাধিকারী মহিলা হলেন ৷ এ পর্যন্ত কোনও মহিলা মার্কিন প্রশাসনে এত উচ্চপদে আসীন হতে পারেননি। ডেমোক্র্যাটিক পার্টির উদীয়মান তারকা কমলা হ্যারিস গত দু দশক ধরে মার্কিন রাজনীতিতে যুক্ত রয়েছেন ৷ ২০২১ সালের ২০ জানুয়ারি জো বাইডেন নতুন প্রেসিডেন্ট ও কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

