গ্রামীণ মহিলাদের ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহিলাদের জন্য একটি ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়েছে। বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে নরেন্দ্রপুর থানা এলাকার পাইলান গ্রামে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পুলিশ সূত্রের খবর, আপাতত প্রতি সপ্তাহে ২ দিন করে ওই কেন্দ্রে প্রশিক্ষণ চলবে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, ওই ফুটবল প্রশিক্ষণ শিবির থেকে খেলা শেখার পর মহিলারা যাতে কলকাতা-সহ বিভিন্ন বড় শহরের ডিভিশনে খেলতে পারেন, তারই উদ্যোগ নেওয়া হচ্ছে। বারুইপুর পুলিশ জেলার সুপার এ বিষয়ে জানিয়েছেন, ওই ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে ৬০ জনকে নিয়ে প্রশিক্ষণ শুরু হয়। তাঁদের মধ্যে প্রাথমিকভাবে ৩০ জনকে বাছাই করা হয়েছে। কলকাতা ময়দান থেকে পুরনো ও অভিজ্ঞ প্রশিক্ষকেরা এসে স্থানীয় গ্রামীণ মহিলাদের ফুটবল প্রশিক্ষণ দেবেন বলে জানা গিয়েছে।

