প্রতিরক্ষায় ভারতকে ‘আত্মনির্ভর’ করে গড়তে প্রয়াস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল সিস্টেম রফতানিতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সূত্রের খবর, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে ‘আত্মনির্ভর’ করে গড়ে তুলতেই কেন্দ্রীয় মন্ত্রিসভার এই পদক্ষেপ, এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। উল্লেখ করা যায়, এই আকাশ মিসাইল সিস্টেম কেনার জন্য আগ্রহী হয়ে উঠেছে একাধিক দেশ। অন্যদিকে ওই সব দেশের প্রস্তাবে দ্রুত অনুমোদন দেওয়ার জন্য একটি কমিটিও গড়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সূত্রের আরও খবর, ৯৬ শতাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই আকাশ মিসাইল সিস্টেম ২৫ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যান্য দেশগুলিকে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করে ৫০০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা সামনে রাখা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।

