ক্যাপিটলে শপথ অনুষ্ঠান মাতালেন আফ্রিকান তরুণী কবি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডেমোক্র্যাট জো বাইডেন ৷ ক্যাপিটলে এই শপথগ্রহণ অনুষ্ঠানে নজর কাড়লেন আমান্ডা গোরম্যান ৷ মার্কিন ইতিহাসে সবচেয়ে কম বয়সী কবি হিসেবে এই অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করলেন ২২ বছর বয়সী তরুণী ৷ সোশ্যাল মিডিয়াতেও মাতোয়ারা লস অ্যাঞ্জেলসের আফ্রিকান এই কবিকে নিয়ে ৷ উল্লেখ করা যায়, রবার্ট ফ্রস্ট, মায়া অ্যাঞ্জেলু, রিচার্ড ব্লাংকো ও এলিজাবেথ আলেক্সান্ডার সহ বিশিষ্ট কবিরা প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেছেন ৷ কবি গোরম্যান রীতিমতো চমকে দিলেন।
প্রসঙ্গত, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রথম জাতীয় যুব কবির সম্মান পেয়েছেন গোরম্যান। ফার্স্টলেডি জিল বাইডেনও এই কবির ভক্ত ৷ জানা যায় , তিনি গোরম্যানের নাম মনোনীত করেছিলেন এই অনুষ্ঠানে কবিতা পাঠের জন্য ৷
মূলত এই অনুষ্ঠানের জন্যই ‘দ্য হিল উই ক্লাইম্ব’ কবিতাটি লিখেছেন আফ্রিকান এই কবি। প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শপথ অনুষ্ঠানের পরই মঞ্চে আবৃত্তি করেন গোরম্যান। তাঁর দু’পাশে ছিলেন বাইডেন ও হ্যারিস ৷ ‘দ্য ওয়ান ফর হুম ফুড ইজ নট এনাফ’ বইয়ের লেখিকা গোরম্যান। তিনি পড়াশোনা করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ৷ তিনি শুধু কবি নন, একজন সমাজকর্মীও। বর্ণবিদ্ধেষ ও নিপীড়ন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন।

