মহাকাশ-চিত্র এবার চাঁদে পাড়ি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কাগজ পেলেই ছবি এঁকে ফেলাটা তাঁর মূলত নেশা। সূত্রের খবর, ভারতের প্রিয়াঙ্কা দাস রাজকাকতির আঁকা তেমনই একটি মহাকাশ-চিত্র এবার চাঁদে পাড়ি দিতে চলেছে। এক্ষেত্রে জানা গিয়েছে, ইউরোপিয়ান স্পেস এজেন্সির লুনার ল্যান্ডার মিশনের মাধ্যমে চাঁদের বুকে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী হতে চলেছে। উদ্যোক্তা ‘ইন্টারন্যাশনাল লুনার এক্সপ্লোরেশন ওয়ার্কিং গ্রুপ’।
এই আন্তর্জাতিক নাগরিক মঞ্চে তাদের ‘মুন গ্যালারি প্রজেক্ট’-এ জায়গা করে নিয়েছে প্রিয়াঙ্কার আঁকা ‘বেদাদীপিকা-অ্যান ইলাস্ট্রেশন অব ডুয়ালিটি’। এ বিষয়ে প্রিয়াঙ্কা জানিয়েছেন, দ্বৈত স্বত্ত্বা রয়েছে, বিজ্ঞানী ও চিত্রশিল্পী হিসেবে। দুই কাজেই তাঁর মন সমান আনন্দ পায়। সূত্রের আরও খবর, ফরাসি সরকার প্রিয়াঙ্কাকে নাগরিকত্ব দেওয়া ছাড়াও দেশের ‘গার্লস অ্যান্ড সায়েন্স’ অভিযানে প্রিয়াঙ্কাকেই বেছে নেওয়া হয়েছে দূত হিসেবে।
এই তরুণী জানিয়েছেন, আগামী দিনের মহাকাশ অভিযান ও মহাকাশ সভ্যতায় সাংস্কৃতিক বিকাশও গুরুত্ব পাবে। গুরুত্ব পাবে শিল্প। ‘ইন্টারন্যাশনাল লুনার এক্সপ্লোরেশন ওয়ার্কিং গ্রুপ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাচীন বৈদিক দ্বৈতবাদের ধারণার সঙ্গে প্রিয়াঙ্কার নিজের দ্বৈত সত্ত্বাকে মিশিয়ে মহাকাশ চিত্র তৈরি হয়েছে- তা ভবিষ্যতের মহাকাশ সংস্কৃতির বার্তা বহন করবে।
এক্ষেত্রে আরও জানা যায়, প্রিয়াঙ্কা একটি ন্যানো সিম কার্ড, ‘গ্লো ইন দ্য ডার্ক’ রঙে কার্ডবোর্ডে আঁকা চাঁদের বিভিন্ন আকার, এক কিউবিক সেন্টিমিটার বাক্স ও পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্য নিয়েছেন। উল্লেখ করা যায়, তুষার দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সমীক্ষা চালানোর জন্য মহিলা বিজ্ঞানীদের দল কুমেরু অভিযানে নামছে, গুয়াহাটি কন্যা প্রিয়াঙ্কা তার সদস্যও।

