নির্বাচনী পরিক্রমা – আজকের জেলা পুরুলিয়া

purulia

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলার ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৮ দফা ভোট গ্রহণ পর্ব চলবে। ২৯৪ আসন বিশিষ্ট এই বিধানসভা নির্বাচনে এবার ভোট গ্রহণ কেন্দ্র সংখ্যা ১ লক্ষ ১ হাজার ৯১৬ টি। একুশের এই নির্বাচনে জেলাওয়াড়ি একঝলক ভোট চিত্র তুলে ধরছি আমরা।

এবারের জেলা পুরুলিয়া: এই জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা ৯টি। কেন্দ্রগুলি হল-পুরুলিয়া, বলরামপুর, জয়পুর, বাঘমুন্ডি, বান্দোয়ান, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর।

নির্বাচনী নির্ঘণ্ট: প্রথম দফা (২৭ মার্চ)। ওই দিনে পুরুলিয়া জেলার সবকটি কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ হবে, সেই কেন্দ্রগুলি হল- পুরুলিয়া, বলরামপুর, জয়পুর, বাঘমুন্ডি, বান্দোয়ান, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর।
গত বিধানসভা নির্বাচনে যে চিত্র ছিল তা একনজর। বিধানসভা কেন্দ্র ও বিজয়ীরা হলেন: পুরুলিয়া – সুদীপ মুখোপাধ্যায় (বিজেপি), বলরামপুর – শান্তিরাম মাহাত (তৃণমূল), জয়পুর – শান্তিপদ মাহাত (তৃণমূল), বাঘমুন্ডি – নেপাল মাহাত (কংগ্রেস), বান্দোয়ান – রাজীবলোচন সোরেন (তৃণমূল), মানবাজার – সন্ধ্যারানি টুডু (তৃণমূল), কাশীপুর – স্বপন বেলথোরিয়া (তৃণমূল), পাড়া – উমাপদ বাউরি (তৃণমূল), রঘুনাথপুর – পূর্ণচন্দ্র বাউরি (তৃণমূল)।

জেলা-পরিক্রমা করে স্থানীয় মানুষদের কাছ থেকে জানা গিয়েছে, তা হল- জেলায় একাধিক কোল্ড স্টোরেজ, পর্যটকদের জন্য বিশেষ উদ্যোগ। সরকারি অতিথি নিবাস সহ বিনোদনের ব্যবস্থা। এছাড়া সিরকাবাদে চিনি কল, পুরুলিয়া শহরকে যানমুক্ত করতে পরিকল্পনা প্রভৃতি রয়েছে। পাশাপাশি ঝালদার সুবর্ণরেখা জল প্রকল্পের দ্রুত রূপায়ণ ও এই জেলার ৩টি শহর এবং গ্রামীণ এলাকাতেও জল সংকটের স্থায়ী সমাধান করার চেষ্টা হয়েছে। শিল্প ও পর্যটন শিল্পের বিকাশ ঘটানোর প্রয়াস নেওয়া হয়েছে। জেলার মধ্যেই কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টাও হয়।

উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে- পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ, রঘুনাথপুর ও হাতুয়াড়ায় সুপারস্পেশালিটি হাসপাতাল, জয়পুরে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং পলিটেকনিক কলেজ, পুরুলিয়া সদর হাসপাতালে ডায়ালিসিস ইউনিট, কুর্মি ডেভেলপমেন্ট বোর্ড মানভূম কালচার অ্যাকাডেমি, ঝালদা ও মানবাজারে নয়া মহকুমার বিষয়টিও রয়েছে। অন্যদিকে পানীয় জল, অযোধ্যা পাহাড় সহ জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে পরিকাঠামো তৈরির উদ্যোগ সহ এমএসএ ময়দান সংস্কার ও নতুন স্টেডিয়ামের জন্য টাকা বরাদ্দ হয়েছে বলে জানা যায়।

জেলার বিভিন্ন প্রান্তে খোঁজ-খবর নিয়ে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন এই জেলার বিভিন্ন প্রান্তের মানুষের নানা অভিযোগও রয়েছে। জেলায় তেমন কোনও শিল্প হয়নি। কাগজে-কলমে উন্নয়নের প্রচার করে ভোট চাইছে শাসকদল, এমনই অভিযোগ। জেলায় বিরোধী পক্ষদের খুন করার অভিযোগও সামনে এসেছে। আবার জোর করে পঞ্চায়েত দখলেরও অভিযোগ। অন্যদিকে কয়লার টাকা পাচারে পুরুলিয়া সংবাদ শিরোনামে এসেছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে ভিন্ন নামে চালানোর অভিযোগও স্থানীয় মহলে।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে দাঁড়াবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *