ফুটবলের জনপ্রিয়তায় আই এফ এ’র প্রয়াস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলায় ফুটবল উন্মাদনা ফেরাতে প্রয়াস। আইএফএ-র এই নয়া উদ্যোগ । শুরু হল সেরা ২০ ক্লাবকে নিয়ে উত্তরবঙ্গ কাপ। অতীতে ফুটবলের জনপ্রিয়তা ছিল দারুনভাবে। সেই পরিবেশ বজায় রাখতে ও জেলায় জেলায় ফুটবল ফেরাতে আই এফ এ’র প্রয়াস।
সূত্রের খবর, উত্তরের পাহাড়ের কোলে শুরু হল উত্তরবঙ্গ কাপ। এই ধরনের ফুটবলের আসর রাজ্যে প্রথম। ফুটবলকে ঘিরে জেলায় জেলায় উন্মাদনা কমেছে। দর্শকের সংখ্যাও দিন দিন কমছে। উৎসাহওকমে এসেছে। এর আগে আন্তঃ জেলা ফুটবল টূর্নামেন্টে ফুটবলপ্রেমীদের ঢল নামতো উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। আবার করোনা ও লকডাউন পর্বের প্রভাব এসে পড়েছে ফুটবলেও।
এর জেরে বন্ধ ছিল অনুশীলন। এরপর খেলা শুরু হলেও তা দর্শক শূণ্য মাঠে হয়েছে। আইএসএলেও দেখা যায় একই ছবি। গোটা দেশে বাঙলার ফুটবল নিয়ে চর্চা ছিল। কলকাতার বড় ক্লাবকে ঘিরে গোটা দেশের উন্মাদনা থাকে। সেই ফুটবলকে এবার স্বমহিমায় ফেরানোর জন্য আই এফ এ’-এই পদক্ষেপ নিয়েছে। এক্ষেত্রে জানা যায়, উত্তরের ৪ জেলা মিলিয়ে অংশ নিয়েছে ২০টি ক্লাব। প্রথমে লিগভিত্তিক ম্যাচ হবে। তারপর চার গ্রুপের সেরাদের নিতে নক আউট হবে।
আলিপুরদুয়ারে টুর্নামেন্টের সূচনা হয়েছে। আলিপুরের গ্রুপে অংশ নিয়েছে দলসিংপাড়া স্পোর্টস আকাদেমী, জুবিলি ক্লাব, কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, স্পিরিচুয়াল স্পোর্টস অ্যাডভেঞ্চার ক্লাব এবং জি এফ সি।
উদ্বোধনী ম্যাচে জুবিলি ক্লাব সরাসরি ২-০ গোলে হারায় দলসিংপাড়াকে। ম্যাচের সেরা হলেন বিজয়ী দলের বাদল এক্কা। এরপর একযোগে শুরু হবে মালদহ, দক্ষিনদিনাজপুর ও শিলিগুড়িতে। জানা যায়, শিলিগুড়ি, কার্শিয়ং ও জলপাইগুড়ির ৫টি দল রয়েছে শিলিগুড়ি গ্রুপে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মহানন্দা স্পোর্টিং এবং বান্ধব সঙ্ঘ। মালদহে প্রথম ম্যাচে লড়াই বাগসরাই ইউনাইটেড এবং প্রান্তিক ক্লাবের মধ্যে। বালুরঘাটে উদ্বোধনী ম্যাচে ফ্রেণ্ডস ইউনিয়ন ক্লাব নামবে বালুরঘাট টাউন ক্লাবের বিরুদ্ধে। এই প্রয়াসে ফুটবল ফিরবে নিজস্ব আঙিনায়, মাঠে যাবে দর্শকরা, এমনই প্রত্যাশা আয়োজক আই এফ এ কর্তারা।

