মার্কিন মুলুকে বাঙালি বিজ্ঞানীর স্বীকৃতি

Sankar Ghosh-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আমেরিকায় সম্মানিত বাঙালি বিজ্ঞানী। মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে নিরলসভাবে কাজ করছেন তিনি। এই কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন নানা খেতাব। এ বছর আমেরিকায় অন্যতম সেরা সম্মান ‘ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’-এর সদস্য হিসেবে নির্বাচিত হলেন বাঙালি বিজ্ঞানী শঙ্কর ঘোষ।

উল্লেখ করা যায়, এর আগে এই সম্মান পেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ১২০ জন বিজ্ঞানীকে এ বছর বেছে নিয়েছে অ্যাকাডেমি। তার মধ্যে অন্যতম হলেন কলকাতার এই বাঙালি বিজ্ঞানী। সূত্রের খবর, সল্টলেকের বাসিন্দা শঙ্কর ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনার পর আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন থেকে পিএইচডি করেন।

পাশাপাশি পোস্ট-ডক করেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে নোবেলজয়ী বিজ্ঞানী ডেভিড বাল্টিমোরের গবেষণাগার থেকে। তিনি যুক্ত ছিলেন ইয়েল ইউনিভার্সিটি ও হাওয়ার্ড হিউস মেডিক্যাল ইনস্টিটিউটের সঙ্গেও। ‘সিলভারস্টাইন অ্যান্ড হাট ফ্যামিলি প্রফেসর’ শঙ্কর ঘোষ বর্তমানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মাইক্রো-বায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান পদেও রয়েছেন। দীর্ঘ ৩০ বছর ধরে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার ভূমিকা নিয়ে কাজ করছেন।

উল্লেখ্য, ক্যানসার থেকে সেপসিস, ডায়াবিটিস বা অন্য কোনও অসুখে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভূমিকা নিয়েছে, তা নিয়ে একাধিক গবেষণাও রয়েছে তাঁর। এই প্রাপ্তির পর ওই বিজ্ঞানীর মন্তব্য, ‘এই সম্মান পেয়ে আমি অভিভূত। গত ৩ দশকে যাঁরা আমার সঙ্গে গবেষণাগারে কাজ করেছেন, আমার পাশে থেকেছেন, আমার পথ দেখিয়েছেন, আমার সহকর্মী এবং আমার প্রতিষ্ঠান- সকলের সঙ্গে এই সম্মান ভাগ করে নিতে চাই আমি’।

মতামত সহ-লাইক ও শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *