বাংলা দখলে কঠিন লড়াই – ইঙ্গিত এক্সিট পোল সমীক্ষায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলা দখলে তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হবে,এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক্সিট পোল সমীক্ষায় একই ইঙ্গিত মিলছে। এবারও ক্ষমতায় তৃণমূল,এমনই আভাস দিয়েছে কিছু এক্সিট পোল সমীক্ষা। বিশ্লেষকদের বক্তব্য ও কিছু সমীক্ষা অনুযায়ী একটি চিত্র তুলে ধরা হয়েছে, তৃণমূলের ভোট পাওয়ার সম্ভাবনা ৪৪ শতাংশ । আর বিজেপির ভোট পাওয়ার সম্ভাবনা ৪৩ শতাংশ। বাম শিবির ভোট পেতে পারে ১০ শতাংশ। রাজ্যের ৬৪ টি আসনে বিজেপি -তৃণমূলের ২ শতাংশের কম ব্যবধান হওয়ার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকরা। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষায় জানিয়েছে, বামেরা পাওয়ার সম্ভাবনা মাত্র ২টি আসন।
আবার ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষায় আরও জানিয়েছে,এবার বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের পাওয়ার সম্ভাবনা ১৩০ থেকে ১৫৬টি আসন। ওই সমীক্ষায় বলা হয়েছে, বিজেপির পাওয়ার সম্ভাবনা ১৩৪ থেকে ১৬০টি আসন। ক্ষমতায় আসীন হতে পারে যে কোনও দল। এখানে লক্ষণীয় -এই সমীক্ষা মিলে গেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিজেপির ২০০-র ওপরের আসন বিষয়টি খাটবে না। এক্ষেত্রে মিলবে না তৃণমূল নেত্রীর দুই তৃতীয়াংশ আসন জয়ের বিষয়টিও।
শেষ পর্যন্ত বাংলা দখলে থাকবে কার,তা নিয়ে জোরদার চর্চা চলেছে। অন্যদিকে টাইমস নাও সি ভোটার জানিয়েছে,তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৫৮ টি আসন। বিজেপি পেতে পারে ১১৫টি আসন। সংযুক্ত মোর্চার পাওয়ার সম্ভাবনা রয়েছে ১৯ টি আসন। উল্লেখ করা যায়,৭টির মধ্যে ৫টি সমীক্ষাতে বাংলার ভোটে এগিয়ে রেখেছে তৃণমূলকে। আবার অসমে আরও একবার বিজেপি ক্ষমতায় আসতে পারে বলে বুথফেরত সমীক্ষাতে ইঙ্গিত।
এবিপি সি ভোটারের সমীক্ষাতেও এগিয়ে তৃণমূল কংগ্রেস,এমনই আভাস। এবার সরকার গড়বে তৃণমূলই, সি ভোটার সমীক্ষার পূর্বাভাস-তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৬৪টি আসন,বিজেপি -১০৯ থেকে ১২১টি আসন পেতে পারে। এছাড়া সংযুক্ত মোর্চা-১৪ থেকে ২৫টি আসন পেতে পারে। অন্যান্যরা কোনও আসন পাবে না বলে জানিয়েছে। ২০২১ বিধানসভা নির্বাচনে সারা দেশের নজর রয়েছে বাংলার দিকে। তবে সব জল্পনার অবসান হবে ২ মে।
মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

