চিলির বিরুদ্ধে মেসিদের ড্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আর্জেন্টিনার প্রয়াত ফুটবল তারকা দিয়েগো মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অভিযান শুরু করল মেসিরা। চিলির বিরুদ্ধে ছিল আর্জেন্টিনার এই ম্যাচ। নতুনভাবে গড়ে তোলা এস্তাদিয়ো উনিকো মাদ্রে দে সিউদাদেস স্টেডিয়ামের বাইরে মারাদোনার পূর্ণাবয়ব মূর্তি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন আর্জেন্টিনার পুরো দল। আবার মারাদোনা স্মরণে ম্যাচ শুরু হওয়ার আগে ফুটবলাররা প্রত্যেকে দিয়েগোর ছবি দেওয়া ১০ নম্বর লেখা বিশেষ জার্সি পরেই জাতীয় সঙ্গীতে গলা মিলিয়েছেন।
ম্যাচে চিলির বিরুদ্ধে লিয়োনেল মেসির গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জয়ের আশা পূরণ হয়নি আর্জেন্টিনার। উল্লেখ করা যায়, গত বছরের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবল কিংবদন্তি মারাদোনা। মেসি ফুটবল রাজপুত্রকে শ্রদ্ধা জানিয়েছিলেন অভিনব পদ্ধতিতে। বার্সেলোনার হয়ে গোলের পর জার্সি খুলে ফেলেছিলেন। মেসি ভিতরে পড়েছিলেন মারাদোনা ও তাঁর নিজের শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের জার্সি। আর্জেন্টিনা ও চিলির এই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

