এবার মালদায় – ফ্ল্যাট থেকে উদ্ধার কোটি কোটি নগদ-সোনা
বীরভূম: বীরভূমের রেশ কাটতে না কাটতেই এবার মালদায় হদিশ মিলল বিপুল পরিমাণ কালো টাকার। রবিবার রাতে পুরাতন মালদা পুরসভার চৌরঙ্গি মোড় এলাকার মঙ্গলবাড়ি অঞ্চলে একটি ফ্ল্যাটে আচমকা হানা দিয়ে নগদ কোটি কোটি টাকা ও বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ। টাকার পরিমাণ এতই বেশি যে, তা গণনা করার জন্য ঘটনাস্থলে নিয়ে আসতে হয় টাকা গোনার মেশিন। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মঙ্গলবাড়ির ওই ফ্ল্যাটে তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় তদন্তকারীদের। আলমারির তাক খুলে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল নগদ টাকা। রাত পর্যন্ত চলা গণনা অনুযায়ী, প্রায় ২ কোটি টাকার বেশি নগদ গোনা সম্ভব হয়েছে। পাশাপাশি, ওই ফ্ল্যাট থেকে নগদ টাকার পাশাপাশি প্রচুর সোনা এবং নিষিদ্ধ কাফ সিরাপও উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই ফ্ল্যাটটিকে কেন্দ্র করেই মূলত কাফ সিরাপের একটি বড়সড় চোরাচালান বা স্মাগলিং র্যাকেট চালানো হতো।
পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, গত জুলাই মাসে দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রীপাড়া এলাকা থেকে প্রায় ১৫০০ বোতল নিষিদ্ধ কাশির কাফ সিরাপ উদ্ধার করেছিল পুলিশ। সেই মামলায় ইতিপূর্বে যাদের গ্রেফতার করা হয়েছিল, তাঁদের জেরা করেই মালদার এই ফ্ল্যাটটির হদিশ পান তদন্তকারীরা।
জানা গিয়েছে, তল্লাশির সময় ওই ফ্ল্যাটে পিন্টু সরকার নামে এক ব্যক্তি উপস্থিত ছিলেন, যিনি দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটি ভাড়া নিয়ে থাকতেন। পুলিশ তাঁকে সঙ্গে রেখেই পুরো ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায়। এদিকে ফ্ল্যাটের মালিক তথা স্থানীয় তৃণমূল নেতা দিলীপ সাহার দাবি, তিনি পেশায় ওষুধ ব্যবসায়ী এবং পিন্টু সরকারকে কেবল ভাড়া হিসেবেই ঘরটি দিয়েছিলেন। এর বাইরে ফ্ল্যাটের ভেতরে ঠিক কী অবৈধ কারবার চলত, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেছেন।
রবিবার রাত পর্যন্ত আংশিক টাকা গোনা গেলেও, সোমবার সকালে বাকি টাকা গণনার কাজ সম্পন্ন হবে। ধৃত ও জিজ্ঞাসাবাদের মুখে থাকা ব্যক্তিদের জেরা করে এই বিশাল পাচারচক্রের নেপথ্যে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

