বিদেশ যাত্রার অনুমতি, অভিষেকের মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট

কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে করা মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন সংক্রান্ত মামলায় আগামী এক সপ্তাহের মধ্যে শুনানি শেষ করে কলকাতা হাইকোর্টকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সোমবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এ দিন অভিষেকের পক্ষে আইনি সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ।

চোখের চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাইকোর্ট তাঁর সেই আবেদন খারিজ করে দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ।

সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানির সময় অভিষেকের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ আদালতের নজর আকর্ষণ করে জানান যে, হাইকোর্টের কম্বাইন্ড লিস্টে এই মামলাটি রয়েছে এবং সেখানে দেড় হাজারেরও বেশি মামলা ঝুলে রয়েছে। অন্যদিকে, সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান যে, এই মামলা যে কোনও দিন তালিকাভুক্ত করা সম্ভব। অভিষেকের আইনজীবীর পক্ষ থেকে আরও জানানো হয় যে, এর আগেও আদালতের নির্দেশ মেনে তিনি একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্দেশ দেয়, দীর্ঘসূত্রিতা এড়াতে আগামী এক সপ্তাহের মধ্যেই কলকাতা হাইকোর্টকে এই মামলার শুনানি সম্পন্ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *