নবান্নে শিক্ষক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর – স্বচ্ছতার উপর জোর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:রাজ্যে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই এই নিয়োগ হবে বলে জানানো হয়েছে। রাজ্যে আপার প্রাইমারি ও প্রাইমারিতে মোট ২৪,৫০০ জন শিক্ষক নিয়োগ হবে ৷ নবান্নে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্য, আদালতে মামলা চলার জেরে নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল৷ এবার সেই প্রক্রিয়া চালু করা হবে ৷ পুজোর পরে প্রাইমারিতে আরও ৭ হাজার ৫০০জন শিক্ষক নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোর মধ্যেই ১৪ হাজার আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে ৷ প্রাইমারিতেও আরও সাড়ে ১০ হাজার শিক্ষক নিয়োগ হবে ৷ পুজোর পর মার্চ মাসের মধ্যে প্রাইমারিতে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে ৷ সবমিলিয়ে প্রায় ৩২ হাজার শিক্ষক নিয়োগ করা হবে।
এক্ষেত্রে তিনি আশ্বস্ত করেছেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর জোর দেবে রাজ্য সরকার ৷ মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে বলেছেন,”মেধাই তাঁদের পরিচয় হবে ৷ কারও কাছে লবি করার প্রয়োজন নেই ৷ যারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন, যোগ্য প্রত্যেকে চাকরি পাবেন ৷ আদালতে মামলা চলছিল বলে এতদিন নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল৷”
উল্লেখ করা যায়,উচ্চ প্রাথমিকে ১৪ হাজারের বেশি যে শূন্যপদ রয়েছে, প্রায় ৭বছর ধরে সেই নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতায় আটকে রয়েছে। অন্যদিকে উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য নতুন করে ইন্টারভিউ-এর তালিকা প্রকাশ করার কথা স্কুল সার্ভিস কমিশনের ৷ নবান্নে আজ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ওপর নজর দেওয়ার বিষয়ে জানালেন মুখ্যমন্ত্রী ৷

