বিশিষ্ট সঙ্গীত শিল্পী চণ্ডীদাস মাল প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টপ্পা ও পুরাতনী বাংলা গানের বিশিষ্ট শিল্পী চণ্ডীদাস মাল (৯২) প্রয়াত হলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বালির বাড়িতেই মৃত্যু হয় এই শিল্পীর। বাবা নারায়ণচন্দ্র মালের কাছে গান শেখা শুরু হয়েছিল তাঁর। এরপর কিশোরীমোহন সিংহের কাছে খেয়ালের তালিম নিয়েছিলেন তিনি। টানা ৩৫ বছর কালীপদ পাঠকের কাছে টপ্পাও শিখেছেন। ১৯৪৪ সাল থেকে আকাশবাণীতে নিয়মিত গান গেয়েছেন চণ্ডীদাসবাবু। পরবর্তীতে শৈলজারঞ্জন মজুমদারের কাছে রবীন্দ্রসঙ্গীত, কৃষ্ণচন্দ্র দে-র কাছে ধ্রুপদ, জ্ঞানপ্রকাশ ঘোষের থেকে ভজনের পাঠও নিয়েছিলেন। পাশাপাশি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও বেঙ্গল মিউজিক কলেজে একসময় শিক্ষকতাও করেছেন এই শিল্পী।

