মুর্শিদাবাদে হেরিটেজ উৎসব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ‘মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল’ করতে চলেছে রাজ্য সরকার। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথভাবে এই প্রচেষ্টা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, আগামী ১১, ১২ ও ১৩ মার্চ এই ৩ দিন ধরে ঐতিহাসিক শহর মুর্শিদাবাদে এই উৎসব চলবে। বহরমপুরে সার্কিট হাউজে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মুর্শিদাবাদের জেলাশাসক শরদকুমার দ্বিবেদী।
এ বিষয়ে তাঁর আরও বক্তব্য, জেলার পর্যটন শিল্পকে তুলে ধরতে ‘মুর্শিদাবাদ হেরিটেজ ডেভলপমেন্ট সোসাইটি’ নামে একটি সংস্থার সঙ্গে যৌথভাবে ৩ দিনের উৎসব করা হচ্ছে। পর্যটন, দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ ও বস্ত্র বিভাগ এই উৎসবে সামিল হবে। এ বিষয়ে আরও জানা যায়, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যশালী ভবন পরিদর্শন-সহ বিভিন্ন অনুষ্ঠান হবে।

