শাসন থানায় বৌভাতের অনুষ্ঠান করার অভিযোগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশজুড়ে লকডাউন। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই নিজের বৌভাতের অনুষ্ঠান করার অভিযোগ উঠল শাসন থানার ফলতি বেলিয়াঘাটা এলাকার তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য এখলাছউদ্দিনের বিরুদ্ধে। স্থানীয়ভাবে অভিযোগ, গতকাল প্রায় ৫০০ জন এসেছিলেন ওই অনুষ্ঠানে। তবে তৃণমূল নেতা এখলাছউদ্দিন দাবি করেছেন, সবাই নববধূকে আশীর্বাদ করে, খেয়ে চলে গিয়েছেন। মাস্ক পরেছিলেন সকলে। শারীরিক দূরত্বও বজায় ছিল। স্থানীয় সূত্রে আরও অভিযোগ, ফলতি বেলিয়াঘাটার পঞ্চায়েত প্রধান নজিবুল রহমান ও কয়েকজন তৃণমূল নেতা অনুষ্ঠানে ছিলেন। খবর পেয়ে পুলিশ পৌঁছয়, তখন অধিকাংশ নিমন্ত্রিতই চলে গিয়েছিলেন। বারাসত পুলিশ জেলার সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, বিয়ে হতেই পারে। কোনওভাবেই জমায়েত বরদাস্ত করা হবে না। কী হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

