নেপাল আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখল ৩০ এপ্রিল পর্যন্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক সমস্ত উড়ান বন্ধ রাখল নেপাল। বিপর্যস্ত পরিস্থিতিতে আতঙ্কিত গোটা বিশ্ব। আক্রান্তের সংখ্যা রোজই বেড়ে চলেছে। এশিয়া, ইউরোপ ও আমেরিকাজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সমস্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখার সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ল নেপাল। লকডাউনের জেরে আটকে থাকা বিদেশি পর্যটকদের ভিসার মেয়াদ বাড়ানো এবং তাঁদের বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা করছে নেপাল সরকার। সরকারের সমন্বয় কমিটির বৈঠকে এই সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, ওই বৈঠকে দেশে লকডাউনের মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। উল্লেখ্য, নেপাল সরকার অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উড়ান পরিষেবা প্রথমে গত ২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করে। পরে তা বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়। এরপর ওই সময়সীমা বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করল নেপাল সরকার।

