করোনার কোপ ১০০ দিনের কাজ প্রকল্পে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনার কোপ পড়েছে ১০০ দিনের কাজ প্রকল্পেও। রাজ্যে ১০০ দিনের কাজে কমে গিয়েছে ৬ কোটি কর্মদিবস। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যে ১০০ দিনের কাজে ৬ কোটি কর্মদিবস কমিয়ে দিল। সূত্রের খবর, গত দুটি আর্থিক বছরে কর্মদিবসের লক্ষ্যমাত্রা ছিল ২৮ কোটি। এবার ২০২০-২১ চলতি আর্থিক বছরে সেই শ্রমদিবসের লক্ষ্যমাত্রা ২৮ কোটি থেকে কমিয়ে করা হয়েছে ২২ কোটি। এই পরিপ্রেক্ষিতে রাজ্যের লক্ষ লক্ষ পরিবারের কাজ না পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের এই সিদ্ধান্তে নবান্নের উদ্বেগও বেড়েছে। করোনার প্রভাবে অসংগঠিত ক্ষেত্রে মানুষের রুটি-রুজির সঙ্কট। এরপর ১০০ দিনের কাজের এহেন পরিস্থিতি তৈরি হলে গ্রামের মানুষের দুর্দশা আরও বাড়বে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের কর্তাব্যক্তিদের কপালে ভাঁজ পড়েছে।

