মহানগরেই ৭ হাজার মামলা, চিন্তায় কলকাতা পুলিশের কর্তাব্যক্তিরা

Kolkata Police-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউন ভাঙায় ৭ হাজার মামলা মহানগরেই। সূত্রের খবর, মামলার সংখ্যা ৭ হাজারের বেশি। ধৃতের সংখ্যা ১৬ হাজার অতিক্রম করেছে। বিপর্যস্ত পরিস্থিতিতে সংক্রমণ রুখতে লকডাউন মেনে চলার জন্য বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনের অনেকেই। বহু মানুষ লকডাউন মেনেও চলছেন। আবার বার বার সতর্ক করার পরেও অনেকে অনর্থক বাইরে ঘুরে বেড়াচ্ছেন। আবার অনেকেই প্রয়োজনে বেরোলেও সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের পরোয়া করছেন না। ওই সব ব্যক্তিদের বিরুদ্ধে মামলাও করছে পুলিশ। উল্লেখ্য, গতকাল লকডাউনের প্রথম পর্যায়ের ২১ দিনের মেয়াদ শেষ হয়েছে। দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ বেড়ে হয়েছে ৩ মে পর্যন্ত। লালবাজার সূত্রে জানা গিয়েছে, প্রথম দফাতেই শুধু কলকাতায় লকডাউন ভাঙার অভিযোগে প্রায় ৭ হাজারেরও বেশি মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৬ হাজারেরও বেশি অভিযুক্তকে। তবে আগামী দিনগুলিতে এই সংখ্যাটা কোথায় দাঁড়াবে, তা নিয়েই চিন্তায় কলকাতা পুলিশের কর্তাব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *