আবারও সন্ত্রাসবাদী হামলা, নিহত ৩ জওয়ান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আবারও সন্ত্রাসবাদী হামলা। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরে প্রাণ হারালেন সিআরপিএফ-এর ৩ জওয়ান। আহত ২ হেড কনস্টেবল। তাঁদের মধ্যে একজন বাঙালিও রয়েছেন। নাম বিশ্বজিৎ ঘোষ। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সোপোরের এক চেকপোস্টে পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ দলের উপর হামলা চালায় এক জঙ্গি। ওই সময় সাঁজোয়া গাড়ির ভিতর ছিল দলটি। জঙ্গিরা তখনই গুলি চালাতে শুরু করে। তল্লাশি অভিযান শুরু হয়েছে। নিহত হয়েছেন হেড কনস্টেবল রাজীব শর্মা, কনস্টেবল সি বি ভাখারে এবং কনস্টেবল পাবমার সত্যপাল সিং। আহতের তালিকায় বাঙালি ছাড়াও রয়েছেন কনস্টেবল জাভেদ লোন। সূত্রে আরও খবর, ২ জনকেই শ্রীনগরে সেনার এক ঘাঁটিতে সরানো হয়েছে। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার উপত্যকায় আধাসেনার উপর হামলা চালাল জঙ্গিরা।

