রক্ত সংগ্রহের জন্য বিশেষভাবে প্রস্তুত ১০ বাতানুকূল বাস

Blood Donation Car

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রক্ত সংগ্রহে পথে ১০টি সরকারি বাস। রক্ত সংগ্রহের জন্য বিশেষভাবে প্রস্তুত ১০টি বাতানুকূল বাস পথে নামাচ্ছে রাজ্য সরকার। সূত্রের খবর, এই বাস নিয়েই আগ্রহী রক্তদাতাদের কাছে পৌঁছে যাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। বিজয়গড়ে এমনই একটি বাসে ৩০ জন মহিলা রক্তদান করেছেন। সূত্রের আরও খবর, যাদবপুরে বাম পরিষদীয় দলনেতা তথা স্থানীয় বিধায়ক সুজন চক্রবর্তী পথে নামা প্রথম বাসটিতে রক্তদান শিবিরের উদ্বোধন করেছিলেন। আবার বিজয়গড়ে শিবিরের আয়োজন করেছিলেন পূর্ত ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের চালকদের বেশির ভাগই অ্যাম্বুল্যান্স নিয়ে ব্যস্ত। তাই আপাতত দুটি বাস পথে নেমেছে। দিন কয়েকের মধ্যে বাকি ৮টি বাসও রক্ত সংগ্রহে নামবে। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, অনেক ব্যক্তি ও সংগঠন মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন রক্তদান শিবিরের অনুমতি চেয়ে। সেই তালিকায় সুজনবাবুও ছিলেন। করোনা সংক্রমণ আটকাতেই মুখ্যমন্ত্রী গণহারে রক্তদান শিবির না করার পরামর্শ দিয়েছেন। পুলিশ নিয়ম করে রক্ত দিচ্ছে। বাস আসতেই প্রথমে সুজনবাবুর বিধানসভা কেন্দ্রেই তা পাঠানো হয়েছিল। রাজ্যে রক্তের আকাল নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *