রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় জমিতেই পচছে আনারস

Anaros

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ঘোর বিপাকে আনারস চাষিরা। লকডাউনে জমিতেই পচছে আনারস স্থানীয় সূত্রের খবর, শিলিগুড়ি লাগোয়া বিধাননগর, চোপড়া এবং বিহারের একাংশে প্রায় ২০ হাজার হেক্টর জমিতে প্রতি বছর চাষিরা আনারস চাষ করে থাকেন। তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এ বছর বিক্রয়যোগ্য আনারস হয়েছে ৫৫৫ হেক্টর জমিতে। প্রায় ১ কোটি ৫০ লক্ষ ফল বিক্রির জন্য তৈরি। প্রতি বছর এই সময় ৮০ শতাংশ আনারস দিল্লি হয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় জমিতেই পচে যাচ্ছে ফল। স্থানীয় সূত্রে আরও জানা যায়, লকডাউন জারি থাকলে প্রায় ৩৫-৪০ কোটি টাকার আনারস জমিতেই পচে যাবে। রপ্তানিকারকদের কাছেই চাষিরা একটি আনারস গড়ে ৪০-৬০ টাকা দরে বিক্রি করেন। লোকসানের বহর কমাতে অনেকেই টোটো ও ম্যাটাডোর ভ্যানে এনে শিলিগুড়িতে ঘুরে-ঘুরে বিক্রি করছেন। এক জোড়া আনারসের দাম কোথাও ২০ টাকা। আবার কোথাও ৩০-৪০ টাকা। এখন শিলিগুড়িতে তার ক্রেতাও মিলছে না। কীভাবে এই লোকসান সামাল দেওয়া যাবে তা নিয়েই চিন্তিত চাষি ও বিক্রেতারা। সরকারি স্তরেও যোগাযোগ করা হয়েছে বিকল্প পথের সন্ধান পাওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *