সামাজিক দূরত্বকে তোয়াক্কা না করে ছেলের বিয়ে, বিতর্কে কুমারস্বামী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশব্যাপী করোনার প্রকোপে সতর্কতা জারি। সামাজিক দূরত্বের ক্ষেত্রেও বিধিনিষেধ। মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। এইসব নিয়ম-বিধিকে তোয়াক্কা না করে লকডাউনের মধ্যেই পারিবারিক ফার্ম হাউসেই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী তাঁর পুত্র নিখিলের বিয়ে দিলেন। উল্লেখ্য, পাত্র নিখিলের দাদু হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া। অভিনয় থেকে রাজনীতির জগতে এসে দেবেগৌড়ার মান্ড লোকসভা আসন থেকে ভোটে দাঁড়িয়েছিলেন নিখিল। তবে জয়ী হতে পারেননি।
অন্যদিকে, পাত্রী রেবতী রাজ্যের এই প্রাক্তন কংগ্রেস মন্ত্রীর পরিবারের মেয়ে। সূত্রের খবর, বিয়ে হয়েছে বেঙ্গালুরু থেকে প্রায় ২৮ কিমি দূরে কুমারস্বামীর রামনগরের ফার্ম হাউসে। সামাজিক দূরত্ব সহ কোনও নিয়ম-কানুনই মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। এরপর কুমারস্বামী জানিয়েছেন, সব নিয়ম মেনে অনুষ্ঠান করা হবে। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। রামনগরের বিধায়কও। জনপ্রতিনিধি হিসেবে তাঁর দায়িত্বও রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা মানতেই হবে। সেক্ষেত্রে কোনও অজুহাত চলবে না।

