বায়ার্ন মিউনিখের বিশ্ব যুব দলে শুভ পাল

Subho Paul-4

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বায়ার্ন মিউনিখের বিশ্ব যুব দলে সালকিয়ার শুভ পাল। পিতা বিপ্লব পাল কারখানায় শ্রমিকের কাজ করেন। দাদার উপার্জনও খুব বেশি নয়। সালকিয়ার সীতানাথ বোস লেনের কিশোর ফুটবলার শুভ অভাবের মধ্যেও ফুটবল খেলেছে। ১৭ বছর বয়সী শুভ বিশ্বের ৫৬টি দেশের বিভিন্ন প্রতিভাময় ফুটবলারদের পিছনে ফেলে স্থান করে নিয়েছে বায়ার্ন মিউনিখের বিশ্ব দলে।

ব্রাজিল, জার্মানি, পর্তুগাল ও চিন-সহ ১৫ দেশের সেরা ১৫ জন অনূর্ধ্ব-১৯ প্রতিভা এখানে সুযোগ পেয়েছে। ভারতের প্রতিনিধি শুভ স্বপ্ন নিয়ে এই সফর শুরু করেছে। মেক্সিকোতে প্রাক-মরসুম প্রস্তুতি। তারপর মিউনিখে ৬ মাসের অনুশীলন ও ম্যাচ খেলার পর আধুনিক প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। এক্ষেত্রে জানা গিয়েছে, দায়িত্বে থাকবেন ১৯৮৬ ও ১৯৯০ সালে বিশ্বকাপ রানার্স ও চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানি দলের ফুটবলার ক্লাউস আউগেনথালার। সুনীল ছেত্রী ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত শুভ। এই সুযোগ পেতে শুভ পালকে সাহায্য করেছেন এফসি-র অন্যতম কর্ণধার অনুজ গুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *