স্বর্ণালীর হাত ধরে এগিয়ে বাংলা

swarnali

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সর্বভারতীয় পরীক্ষায় শীর্ষে বাংলার গবেষক স্বর্ণালী দে।তাঁর অভাবনীয় সাফল্যে গর্বিত বাংলা। উল্লেখ করা যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী স্বর্ণালী ‘জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট জুন-২০২০’ সর্বভারতীয় পরীক্ষায় দেশে প্রথম স্থান অর্জন করেছেন। তাঁর এই সাফল্য সবাইকে অবাক করে দিয়েছে। এই মেধাবী ছাত্রীকে সকলেই কুর্ণিশ জানিয়েছেন।

সূত্রের খবর, স্বর্ণালীর বাড়ি কাঁচরাপাড়ায়। বাবা বিশ্বজিৎ দে একজন অধ্যাপক। মা সুবর্ণা দে। ছোটবেলায় মার কাছেই পড়াশোনা করতেন। ইন্টারনেটে মেয়ের সাফল্য দেখে বাবা-মা সকলেই গর্বিত। স্বর্ণালী কলকাতা বিশ্ববিদ্যালয় বেথুন কলেজ থেকে বটানিতে অনার্স করেছিলেন। অনার্স পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেন। তারপরে ২০১৭-১৯ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে এমএসসি পাস করেছেন। সেবার বিশ্ববিদ্যালয়ে তিনিই প্রথম হন। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বালিগঞ্জ সায়েন্স কলেজে প্ল্যান্ট ফিজিওলজি নিয়েও গবেষণা করছেন। এবার ‘জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট জুন-২০২০’ গত জুনে সর্বভারতীয় পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে সেই পরীক্ষা স্থগিত করা হয়েছিল। শেষ পর্যন্ত পরীক্ষাটি ২১ নভেম্বর হয়। তিনি জীবন বিজ্ঞান বিষয়ে পরীক্ষার জন্য বসেছিলেন। এনটিএ (ন্যাশনাল টেস্টিং এজেন্সি) স্কোর ২ ডিসেম্বর প্রকাশিত হয়েছিল। তাতে দেখা যায়, পারর্সেন্টাইলে তাঁর স্কোর ছিল ১০০। গত ৫ ফেব্রুয়ারি পরীক্ষার অফিসিয়াল রেজাল্ট বের করে সিএসআইআর। তাতে দেখা যায় দেশে প্রথম স্থান অর্জন করেন স্বর্ণালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *